২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক খতিয়ে দেখবে সরকার

বিদ্যুত আমদানির জন্য ভারতের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে অনুস্বাক্ষরের প্রক্রিয়া চূড়ান্ত করার আগে তা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2010, 12:28 PM

Updated : 24 Aug 2022, 09:07 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুত আমদানির জন্য ভারতের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে অনুস্বাক্ষরের প্রক্রিয়া চূড়ান্ত করার আগে তা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমানকে দায়িত্ব দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কমিটি গঠনের নির্দেশ দেন। বৈঠক শেষে দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান। এ বছরের জানুয়ারিতে শেখ হাসিনার ভারত সফরের সময় সেদেশের জাতীয় থার্মাল পাওয়ার কোম্পানী (এনটিপিসি) ও বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) মধ্যে ওই সমঝোতা স্মারক সই হয়। বিদ্যুত চাহিদা পূরণের লক্ষ্যে দেশে বিদ্যুত উৎপাদনসহ বন্ধুপ্রতীম দেশ থেকে সরকার বিদ্যুত আমদানীর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান আবুল কালাম আজাদ। প্রেস সচিব বলেন, দেশের পর্যটন শিল্পের উন্নয়নের লক্ষ্যে মন্ত্রিসভায় 'বাংলাদেশ পর্যটন বোর্ড আইন-২০১০' এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এর আগে, গত বছরের ২৪ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে এই আইন উত্থাপন করা হয়েছিলো। এছাড়া, 'ব্যাটালিয়ন আনসার (সংশোধন) আইন ২০১০' এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই আইনে আনসার সদস্যদের চাকরি নয় বছরে স্থায়ী হবে। আগের আইনে আনসার সদস্যদের চাকরি ১২ বছর পর স্থায়ী হতো। আবুল কালাম আজাদ আরো জানান, বৈঠকে বেসরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন ২০০০-এর সংশোধনী প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষকদের পরিবারের সদস্য ও পোষ্যদের কল্যাণে এই ট্রাস্ট আইন করা হয়েছিলো। সংশোধনী অনুযায়ী এই কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব হবেন একজন শিক্ষক এবং এক জনের পরিবর্তে দু'জন ভাইস-চেয়ারম্যান হবেন। এছাড়া, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের লেবানন সফর সম্পর্কে একটি প্রতিবেদন মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৮১৯ ঘ.