২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে খাবার নিয়ে ছাত্রলীগে মারামারি, আহত ১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় রোববার রাতে খাবার না পাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 05:58 PM

Updated : 24 Aug 2022, 09:03 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় রোববার রাতে খাবার না পাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। এছাড়া প্রহৃত হন দু'জন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের শিক্ষার্থী বেলাল হোসেন ও শফিক টোকেন নিয়ে ক্যাফেটেরিয়া থেকে খাবার নেন। পরে জসীম উদদীন হলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাকিব এসে খাবার না পেয়ে বেলাল ও শফিকের কাছে খাবার দাবি করেন। খাবার নিয়ে কাড়াকাড়ির এক পর্যায়ে তারা দু'জন সাকিবকে থাপ্পড় মারেন। এরপর সাকিব তার সহযোগীদের নিয়ে সূর্যসেন হলের গেটে বেলাল ও শফিককে মারধর করেন। এ সময় রবিন নামের এক ছাত্রলীগ কর্মী আহত হন। তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি শেখ সোহেল রানা টিপু জানান, পরিস্থিতি এখন শান্ত আছে। উভয়পক্ষের মধ্যে মীমাংসা হয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩০৭ ঘ.