২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতকে তৃতীয় দফা চিঠি দিচ্ছে ইসি

গঠনতন্ত্রে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ধারাগুলো সংশোধনে জামায়াতকে তৃতীয় দফায় চিঠি দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 02:05 PM

Updated : 24 Aug 2022, 09:04 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গঠনতন্ত্রে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ধারাগুলো সংশোধনে জামায়াতকে তৃতীয় দফায় চিঠি দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জামায়াতের গঠনতন্ত্রে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক অন্তত সাতটি ধারা রয়েছে। দলটিকে তৃতীয় দফায় দেওয়া চিঠিতে সেগুলো সংশোধনে ৩১ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হচ্ছে। রোববার ইসি সচিবালয়ের যুগ্মসচিব (আইন) ও গঠনতন্ত্র যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক এন আই খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাংঘর্ষিক ধারাগুলো মে মাসের মধ্যে সংশোধনে সোমবার দলের (জামায়াতের) সেক্রেটারি জেনারেল বরাবর তা পাঠানো হবে।" এ নিয়ে জামায়াতকে তিন দফা চিঠি দিচ্ছে ইসি। প্রথমবার দেওয়া গত গত ২৪ জানুয়ারি। দ্বিতীয়বার দেওয়া হয় গত ২৫ মার্চ। দ্বিতীয় দফায় জামায়াতসহ ১৪টি দলকে চিঠি দেওয়া হয়। এর মধ্যে শুধু জামায়াত সাড়া দেয়নি। এন আই খান বলেন, "৩১ মে'র মধ্যে জামায়াত সাড়া না দিলে এ বিষয়ে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।" গত ২৫ মার্চ নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না হলে নিবন্ধন বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সংশোধিত গঠনতন্ত্র জমা না দিলে বিধিমালা অনুসরণ করে নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। সাখাওয়াত ওই সময় বলেন, "নিবন্ধন বাতিলের ক্ষমতা থাকলেও কিছু সময় নিয়ে তা করতে হয়। কোন দলের প্রয়োজন হলে আলোচনা করতে পারে। কিন্তু আমরা চাই দলগুলো ইসির কাছে তাদের অগ্রগতি জানাক, আমরা তাদের অসুবিধাগুলোর বিষয়ে সহযোগিতা করবো।" গঠনতন্ত্রের দুইটি সংশোধনী বিষয়ে জামায়াত নেতারা একমত হয়েছেন বলে গত ২৪ মার্চ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মুজাহিদ। সেসময় তিনি বলেন, "বাকিগুলোর বিষয়ে আমাদের মধ্যে (জামায়াতে) ঐকমত্য হয়নি। এজন্যে ইসির সঙ্গে আলোচনায় বাকি ধারাগুলোর বিষয়ে ব্যাখ্যা চাইব।" জুলাইয়ের মধ্যে মজলিশে শূরার বৈঠকে গঠনতন্ত্র বিষয়ে আলোচনা করেই জামায়াত ইসির সঙ্গে বৈঠক করবো বলে তখন জানান মুজাহিদ। নবম সংসদ নির্বাচনের আগে খসড়া সংশোধিত গঠনতন্ত্র দিয়ে ৩৯টি দল ইসিতে নিবন্ধিত হয়। এবছর ২৫ জানুয়ারির মধ্যে স্থায়ী (সংশোধিত) গঠনতন্ত্র জমা দিতে না পারায় নিবন্ধন বাতিল হয়েছে ফ্রিডম পার্টির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০০০ ঘ.