ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমেদ রোববার হাইকোর্টের কাঠগড়ায় প্রায় চার ঘন্টা ঠাঁয় দাঁড়িয়ে রইলেন।
আদালতের আদেশ না মানার অভিযোগে দায়ের করা আদালত অবমাননা মামলায় হাইকোর্টের নির্দেশেই সকাল সাড়ে ১১টা থেকে মাঝে এক ঘন্টা বিরতি দিয়ে বিকেল চারটা পর্যন্ত তাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
অবশ্য জেলা প্রশাসক ক্ষমা প্রার্থনা করলে হাইকোর্ট তাকে শর্তসাপেক্ষে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেয়। তাকে ব্যাক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দেওয়া হয়।
হাইকোর্টের নির্দেশ অমান্য করে কক্সবাজারের পুলিশ সুপার ও মহেশখালি থানা নির্বাহী কর্মকর্তাকে দেওয়া তার আদেশ প্রত্যাহার করে আগামী বৃহস্পতিবারের মধ্যে হলফনামা করে আদালতে দাখিল করতে বলা হয়েছে।
মহেশখালি-কক্সবাজার ফেরী পারাপার যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির সম্পাদক মাকসুদ মিয়ার দায়ের করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি দোলোয়ার হোসেনের হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেয়।
মামলার শুনানির সময় আদালত জেলা প্রশাসককে উদ্দেশ্য করে মন্তব্য করেছে, "আপনি ধৃষ্টতার চরমতম উদাহরণ দেখিয়েছেন। আদালতের আদেশ বার বার উপেক্ষা করেছেন। আপনি নিজেকে জেলার অধিকর্তা মনে করেন। কিন্তু আপনি জনগণের সেবক।"
আদালত অবমাননা মামলার আবেদনে বলা হয়, গত ৪ এপ্রিল মহেশখালি কক্সবাজার আন্তঃউপজেলা ফেরীঘাট ইজারার দরপত্র বিজ্ঞপ্তি দৈনিক কক্সবাজার পত্রিকায় প্রকাশিত হয়। এই দরপত্রকে ইজারার নীতিমালার পরিপ
bdnews24