চট্টগ্রাম, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয়দের প্রতিরোধের ঘোষণা এবং সভামঞ্চ ভাংচুরের কারণে চট্টগ্রামের চন্দনাইশে সালাউদ্দিন কাদের চৌধুরীর পথসভা পণ্ড হয়ে গেছে।
স্থানীয় বিএনপি এ জন্য সরকারি দল ও পুলিশ প্রশাসনকে দায়ী করেছে। তবে আওয়ামী লীগ বলছে, 'যুদ্ধাপরাধী' বলে স্থানীয়রাই বিএনপি নেতাকে প্রতিরোধ করেছে।
রোববার বান্দরবান যাওয়ার পথে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ মোড়ে একটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের।
উপজেলা বিএনপি'র নেতাকর্মীরা ওই সভা আয়োজন করে। কিন্তু বিএনপি নেতাকে স্বাগত জানিয়ে তৈরি করা তোরণ এবং সভামঞ্চ শনিবার রাতে ভেঙে দেওয়া হয়।
একই রাতে পুলিশ গ্রেপ্তার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম রাজুকে।
ফলে দুপুরে ওই সভা হওয়ার কথা থাকলেও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চন্দনাইশে না থেমে সরাসরি বান্দরবান চলে যান।
চন্দনাইশ উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পথসভা পণ্ড করতেই আওয়ামী লীগের সঙ্গে পুলিশ এক হয়ে রাজুকে গ্রেপ্তার এবং তোরণ ও প্যান্ডেল ভাংচুর করেছে।"
"তাই এ পরিস্থিতিতে আমরা পথসভা করতে পারিনি", বলেন তিনি।
বিএনপির অভিযোগ নাকচ করে চন্দনাইশ থানার ওসি নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পল্টন থানায় দায়ের করা একটি প্রতারণার মামলায় রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি বলেন, পথসভার বিষয়টি পুলিশকে আগে জানানো হয়নি। তোরণ ভাঙ্গার বিষয়েও কেউ অভিযোগ করেনি।
চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান দাবি করেছেন, তোরণ ও সভামঞ্চ ভাংচুরের ঘটনাটি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফল।
"আমরা এর সঙ্গে যুক্ত নই। আমরা শুধু যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশ ডেকেছি মাত্র", বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি। ।
বিএনপির পথসভা না হলেও এলাকার পরিস্থিতি শান্ত আছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৫৫০ ঘ.
bdnews24