মাগুরা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার তিনটি উপজেলায় বুধবার রাতে কালবৈশাখী ঝড়ে একজন মারা গেছেন। বিধ্বস্ত হয়েছে তিন শতাধিক ঘর-বাড়ি।
এলাকাবাসী জানায়, রাত পৌনে ১২টার দিকে হাল্কা বৃষ্টির সঙ্গে ঝড় বইতে শুরু করে।
ঝড়ে শ্রীপুরের শ্রীকল, শ্রীপুর সদর, গয়েশপুর, সদর উপজেলার মঘি, জগদল, কুচিয়ামোড়া, শালিখার আড়পাড়া ও তালখড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি, শিক্ষা-প্রতিষ্ঠান ধসে পড়ে। ছোট বড় অনেক গাছ উপড়ে যায়।
শালিখার চুকনগর গ্রামে একটি বসতঘর ধসে পড়লে দেয়াল চাপা পড়ে দুলাল চন্দ্র (৫৫) নামে একজন মারা যান।
ঝড়ে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি উপড়ে গিয়ে প্রায় ৮ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।
বৃহস্পতিবার বিচ্ছিন্ন বিদ্যুতের তার মেরামতের সময় সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামের রাসেল (২২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি গ্রামীণফোনের স্থানীয় বিপণন কার্যালয়ের কর্মচারী ছিলেন।
জেলা প্রশাসক মুহাম্মদ দিলোয়ার বখ্ত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসক দিলোয়ার বখ্ত সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।
কৃষি বিভাগ জানিয়েছে, ঝড়ে ফসলের তেমন ক্ষতি হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/০১০৯ ঘ.
bdnews24