২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১৪৪ ধারা

একই স্থানে একই সময়ে সরকার সমর্থক যুবলীগ ও জামায়াতে ইসলামী সভা ডাকায় বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ীতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 04:44 PM

Updated : 24 Aug 2022, 08:58 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একই স্থানে একই সময়ে সরকার সমর্থক যুবলীগ ও জামায়াতে ইসলামী সভা ডাকায় বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ীতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। একইদিন আওয়ামী লীগ ও জামায়াতের সভা ঘিরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায়ও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের রাজশাহী প্রতিনিধি জানান, বৃহস্পতিবার বিকাল ৪টায় গোদাগাড়ীর ডাইংপাড়া মোড়ে পৌর জামায়াত ও উপজেলা যুবলীগ সভা ডাকে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে দুপুর ৩টায় সভাস্থল ও এর আশপাশে ১৪৪ ধারা জারি করা হয় বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলিয়া মঈন। ইউএনও জানান, রাত ১২টা পর্যন্ত সভা-সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করে মাইকে জানিয়ে দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে তিনি জানান। গোদাগাড়ী থানার ওসি বজলুর রশিদ জানান, স্থানীয় জামায়াত তেল-গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন ইস্যু নিয়ে সরকারবিরোধী সভা আহ্বান করে। অপরদিকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মিছিল-সমাবেশের কর্মসূচি নেয় যুবলীগ। ডাইংপাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে ওসি জানান। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, আওয়ামী লীগ ও জামায়াত ভোলাহাট উপজেলা সদরের মহিবুল্লাহ কলেজ চত্বরে বিকাল ৪টায় সভা ডাকে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন দুপুর ২টা থেকে কলেজ ও মেডিকেল এলাকায় ১৪৪ ধারা জারি করে। ভোলাহাট উপজেলা নির্বার্হী কর্মকর্তা গোলাম আজম জানান, রাত ১২টা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। ওই এলাকায় দুপুর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি জানান, পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাবিতে ভোলাহাট উপজেলা জামায়াত সভা ডেকেছিল। অপরদিকে স্থানীয় আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবশের কর্মসূচি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৬ ঘ.