ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত দেশের প্রায় ৪৮ হাজার শিশুর পুনর্বাসনে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও সরকারের মধ্যে একটি প্রকল্প দলিল স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদ মিলানায়তনে প্রকল্প দলিলে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া ও আইএলও বাংলাদেশের পরিচালক গগন লাল রাজভান্ডারি।
দেশের বিভিন্ন উৎপাদন ও সেবামূলক কমর্মকাণ্ডে নিয়োজিত শিশুশ্রম বিশেষ করে শহর এলাকার নিকৃষ্ট ধরনের শিশুশ্রম বন্ধ করা এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য।
'ন্যাশনাল টাইম বাউন্ড প্রোগ্রাম' শীর্ষক এই প্রকল্প ২০০৭ সালের ১ জানুয়ারি থেকে ২০১১ সালের ৩১ ডিসেম্বর মেয়াদে বাস্তবায়িত হবে। নেদারল্যান্ডস সরকার এ প্রকল্পে ৭০ কোটি ৬৯ লাখ টাকা অনুদান দেবে।
প্রকল্প দলিল স্বাক্ষর শেষে ইআরডি সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেহেতু অর্থ পেতে দেরি হলো, তাই প্রকল্পের মেয়াদ আরো বাড়ানো হতে পারে।"
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ঢাকা সিটি করপোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করবে। এদের সহযোগী হিসেবে থাকবে বেশ কয়েকটি এনজিও।
২০০১ সালে সরকার ঝুঁকিপূর্ণ শিশু শ্রম সম্পর্কিত আইএলও কনভেনশন অনুসমর্থন করে ন্যাশনাল টাইম বাউন্ড প্রকল্প গ্রহণ করে। যার লক্ষ্য ২০১৫ সালের মধ্যে বাংলাদেশ থেকে সব ধরণের ঝুঁকিপূর্ণ শিশুশ্রম দূর করা।
এ প্রকল্পের আওতায় ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত শিশুদের জন্য অনানুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করা হবে। দক্ষতা বাড়াতে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।
এছাড়া শহরের অনানুষ্ঠানিক খাতে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে কর্মকৌশল প্রণয়ন ও মডেল তৈরী করা হবে।
এ লক্ষ্যে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আরো অর্থ আনার চেষ্টা চলছে বলে জানান মোশাররফ হোসেন ভুঁইয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এইচএ/২০৪৫ ঘ.
bdnews24