২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানা বন্ধের ঘোষণায় ফের ভাংচুর

হামলা-ভাংচুর ও সড়ক অবরোধের জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 01:41 PM

Updated : 24 Aug 2022, 08:58 PM

নারায়ণগঞ্জ, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হামলা-ভাংচুর ও সড়ক অবরোধের জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধে চেষ্টা চালায়। এ সময় তারা ১০-১২টি গাড়ি ভাঙচুর করে। এ নিয়ে তৃতীয় দিনের মত ওই এলাকায় শ্রমিকদের হামলা-ভাংচুরের ঘটনা ঘটলো। বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বুধবার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার টাটকী এলাকায় এ্যারো এ্যাপারেলস অনিবার্ণ ও এ্যারো এ্যাপারেল মোহাম্মদীর নামের পোশাক কারখানা দুটির শ্রমিকরা কারখানায় হামলা-ভাংচুর, রাস্তা অবরোধ করে। নোটিশে বলা হয়, শ্রম আইন অনুযায়ী দাবি দাওয়ার ব্যাপারে মালিকপক্ষের সঙ্গে কথা না বলে কারখানায় হামলা-ভাংচুর, রাস্তা অবরোধ ও পুলিশের উপর হামলার ঘটনায় কারখানা অনির্দিষ্টকালের জন্য লে-অফ ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে কারখানার দুটি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কথা বলা যায়নি। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে দুটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে এসে ফটকে বন্ধের নোটিশ দেখতে পায়। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে। কিন্তু পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কিছু শ্রমিক মহাসড়ক অবরোধের সৃষ্টির চেষ্টা চালালে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। তিনি জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার কারখানা দুটি শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। ভাংচুর করে ১০/১২টি যানবাহন। পুলিশের সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৩০ জন আহত হয়। মঙ্গলবার কাচপুর এলাকায় ওপেক্স অ্যান্ড সিনহা গ্র"পের শ্রমিকরা ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৩ ঘ.