২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক শীর্ষ সম্মেলনে দুটি চুক্তি সই

পরিসেবা খাত এবং পরিবেশ বিষয়ক দুটি চুক্তি হয়েছে সার্ক শীর্ষ সম্মেলনে। থিম্পু থেকে জানাচ্ছেন কামরান রেজা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 12:35 PM

Updated : 24 Aug 2022, 08:58 PM

কামরান রেজা চৌধুরী থিম্পু থেকে থিম্পু, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিসেবা খাত এবং পরিবেশ বিষয়ক দুটি চুক্তি হয়েছে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে। আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার ভুটানের রাজধানী থিম্পুতে সে দেশের পার্লামেন্টের গ্র্যান্ড হলে শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে চুক্তি দুটিতে স্বাক্ষর করেন। সব দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন। পরিসেবা বাণিজ্য চুক্তি সইয়ের ফলে সার্কভুক্ত এক দেশের পেশাজীবীরা অন্য দেশে কাজ করতে পারবেন। এ চুক্তির অধীনে পর্যায়ক্রমিক বিভিন্ন সমঝোতা বৈঠকে বসবে সদস্য দেশগুলো। এ সমঝোতাগুলোই বিভিন্ন পরিসেবা খাত উন্মুক্ত করতে সহায়তা করবে। পরিবেশ বিষয়েও এক সঙ্গে কাজ করার বিষয়ে অন্য চুক্তিটি হয়েছে। সমাপনী অধিবেশনে সার্কের বর্তমান সভাপতি ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ইউসার থিনলে বলেন, এ দুটি চুক্তি স্বাক্ষর সার্ক দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পথ খুলে দেবে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) দুদিনের শীর্ষ সম্মেলন বুধবার শুরু হয়। উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কের আট দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা ভাষণ দেন। উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী হাসিনা নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ায় একটি আঞ্চলিক বিদ্যুৎ গ্রিড প্রতিষ্ঠার প্রস্তাব রাখেন। ধর্মের নামে সন্ত্রাসের নিন্দা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের ভূমি কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া অন্য রাষ্ট্রনেতারা হলেন- আফগাস্তিানের প্রেসিডেন্ট হামিদ কারজাই, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, পাকিস্তানের প্রধানমন্ত্রী সৈয়দ ইউসুফ রাজা গিলানি এবং নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল। সম্মেলনের ফাঁকে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন হাসিনা। সার্ক সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার থিম্পু পৌঁছান তিনি। এর একদিন আগেই আসেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। সম্মেলন শেষে শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা। ১৯৮৫ সালে সার্ক প্রতিষ্ঠার পর এই প্রথম ভুটান শীর্ষ সম্মেলন হলো। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিলো জলবায়ু পরিবর্তন। সার্কের প্রথম সম্মেলন হয় ১৯৮৫ সালে ঢাকায়। সমালোচকদের মতে, আঞ্চলিক এ ফোরাম দক্ষিণ এশিয়ার দেড়শ' কেটি মানুষের আশা-আকাক্সক্ষা অনুযায়ী অগ্রগতি অর্জনে ব্যর্থ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/২০০০ ঘ.