গাজীপুর, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রমিক ছাঁটাইয়ের ঘটনায় বৃহস্পতিবার সকালে টঙ্গীর একটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করেছে।
বৃহস্পতিবার সকালে টঙ্গীর বাদাম এলাকার তামিসনা ফ্যাশন নামের পোশাক কারখানায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
গাজীপুরের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (শিল্পাঞ্চল) মো. মনোয়ার হোসেন জানান, সম্প্রতি কর্তৃপক্ষ কারখানায় ঢুকতে শ্রমিকদের স্বাক্ষর দেওয়ার নিয়ম করে। এর বিরোধিতা করায় মঙ্গলবার ছয় শ্রমিককে ছাঁটাই করা হয়।
এ নিয়ে শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ ছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কারখানায় প্রবেশের সময় নিরাপত্তাকর্মী মো. ফারুকের সঙ্গে এক শ্রমিকের কথা কাটাকাটি হয়।
পরে ওই শ্রমিককে একটি কক্ষে আটকে রাখে নিরাপত্তাকর্মীরা। তাকে আটকে মারধর করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা কারখানায় বিক্ষোভ শুরু করে।
এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ইট-পাটকেল ছুড়ে জানালার কাচ ভাংচুর করতে থাকে।
পুলিশ কর্মকর্তা মনোয়ার জানান, খবর পেয়ে র্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সকাল ১১টার দিকে শ্রমিকরা কারখানা এলাকা ত্যাগ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৮ ঘ.
bdnews24