২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন শাওন

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন নূরুন্নবী চৌধুরী শাওন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 11:15 AM

Updated : 24 Aug 2022, 08:59 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন নূরুন্নবী চৌধুরী শাওন। গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত ভোলা-৩ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের টিকিটে বিজয়ী হন তিনি। ওই আসনে আগের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগেরই মো. জসিমউদ্দিন। শাওনকে শপথ করান ডেপুটি স্পিকার শওকত আলী। তার কক্ষেই বৃহস্পতিবার বিকালে শপথ অনুষ্ঠান হয়। যুবলীগ নেতা শাওনের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ, হুইপ ও যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। নির্বাচনে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদের চেয়ে ৫০ হাজারের বেশি ভোটে হারান শাওন। শাওন পান ৯৩ হাজার ৮৭৩ ভোট। অন্যদিকে হাফিজ পান ৪২ হাজার ৬৫৮ ভোট। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছে। তারা বলছে, সেখানে ব্যাপক অনিয়ম হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭০৫ ঘ.