২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাও হাফিজের বিজয় চাননি: হানিফ

ভোলার উপ-নির্বাচনে কোথাও কোনো কারচুপি হয়নি বরং একটা নজিরবিহীন সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 02:36 PM

Updated : 24 Aug 2022, 08:51 PM

মাগুরা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার উপ-নির্বাচনে কোথাও কোনো কারচুপি হয়নি বরং একটা নজিরবিহীন সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, "বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজেও হাফিজের বিজয় চাননি। বরং এ নির্বাচনে হাফিজের পরাজয়কে ইস্যু বানিয়ে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করার চক্রান্ত করেছে বিএনপি।" সোমবার বিকালে মাগুরা শহরের আছাদুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপনির্বাচনের একদিন পর রোববার এক সংবাদ সম্মেলনে হানিফ বলেছিলেন, অতীত কর্মকাণ্ডের কারণেই হাফিজ পরাজিত হয়েছেন। ভোলা-৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন বিএনপির হাফিজউদ্দিনকে ৫০ হাজারের বেশি ভোট হারিয়েছেন, যদিও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে বিরোধী দল বিএনপি। হানিফ আরো বলেন, "ওয়ান ইলেভেনের পর দল ভাঙার দায়ে বিএনপির নেতাকর্মীরাই হাফিজউদ্দিন আহমেদের পক্ষে কাজ করেনি। এটি বুঝতে পেরেই হাফিজ বেশিরভাগ সময় ঘরে বসে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।" মন্ত্রী থাকার সময় আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালানোয় ভোটাররা হাফিজকে প্রত্যাখ্যান করেছে বলে মনে করেন তিনি। আগামী দু'বছরের মধ্যে ন্যাশনাল সার্ভিসের আওতায় প্রতিটি পরিবারের একজন করে চাকুরি দিয়ে মহাজোট সরকার নির্বাচনী ওয়াদা পূরণ করবে বলেও জানান ক্ষমতাসীন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা। জেলা আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ বিএম মোজাম্মেল হক, খুলনা জেলা সভাপতি শেখ হারুন অর রশিদ, সাংসদ মোহাম্মদ সিরাজুল আকবর, সাংসদ বীরেন শিকদার, উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ বক্তব্য দেন। এছাড়া মাগুরার জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভার শেষদিকে হানিফ আনুষ্ঠানিকভাবে ফরম পূরণের মধ্য দিয়ে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কাজের উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৯ ঘ.