মাদারীপুর, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুর শহরের পুরান বাজার এলাকায় সোমবার ভোরে অগ্নিকাণ্ডে ৪২টি দোকান পুড়ে গেছে।
বাজারের ব্যবসায়ীরা দাবি করেন, বীমার টাকা পাওয়ার জন্য সোহাগ খান ও ফরহাদ খান ভোর ৪টার দিকে তাদের দোকানে আগুন ধরিয়ে দিলে তা আশপাশে ছড়িয়ে পড়ে।
তাদের আটক করে গণধোলাইয়ের পর পুলিশে দেওয়া হয়েছে।
মাদারীপুর থানার ওসি মো. কাইয়ুম সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মার্কেটে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে সোহাগ ও ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে।"
ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক শাহিন হাওলাদার, জাকির হাওলাদার, ফোরকান বেপারী, সেলিম সরদার সাংবাদিকদের জানান, কাঁচা বাজারের পাঁচটি মুদি দোকান, দুটি ডিমের দোকান, একটি হোটেলসহ ৪২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
মাদারীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মিলন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি একটি নাশকতা।"
সকালে সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র নুরুল আলম চৌধুরী ও সাবেক পৌর চেয়ারম্যান খলিলুর রহমান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০১২ ঘ.
bdnews24