২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই ছাত্রকে পেটালো ছাত্রলীগকর্মীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই ছাত্রকে পিটিয়েছে ছাত্রলীগকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 02:11 PM

Updated : 24 Aug 2022, 08:51 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই ছাত্রকে পিটিয়েছে ছাত্রলীগকর্মীরা। রোববার বিকালে প্রতিবাদ করার পর সোমবার বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে তাদের পেটানো হয়। হামলাকারীরা শহীদুল্লাহ হলের ছাত্রলীগ কর্মী। আহত ছাত্ররা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক কে এম সাইফুল ইসলাম। ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং চতুর্থ বর্ষ এবং প্রাণীবিদ্যা বিভাগের নামপ্রকাশে অনিচ্ছুক দুই ছাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী রামপুরাগামী 'শ্রাবণ' বাসে এক ছাত্রীকে উত্ত্যক্ত করে ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং শহীদুল্লাহ হলের ছাত্রলীগকর্মী রাশেদ। তখন মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মুন্না এবং ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আদনান এর প্রতিবাদ করে বলে জানান নামপ্রকাশে অনিচ্ছুক ওই ছাত্ররা। সেদিন বাসের সব শিক্ষার্থী মিলে রাশেদকে বাস থেকে নামিয়ে দেয় বলেও জানান তারা। তারা জানান, ওই ঘটনার জের ধরে সোমবার রাশেদের নেতৃত্বে ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রাসেল, পদার্থ বিভাগের একই বর্ষের অপুসহ সাত/আটজন রড, হকিস্টিক ও লাঠি দিয়ে মুন্না এবং আদনানকে পেটায়। সোমবার প্রক্টর কে এম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পরপরই প্রক্টরিয়াল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে জানিয়ে তিনি বলেন, "ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছি।" ঘটনা প্রসঙ্গে শহীদুল্লাহ হলের ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আজম মুন্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি এরকম কোন ঘটনা ঘটেছে বলে শোনেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এআরআর/পিডি/২০০৬ ঘ.