চাঁদপুর, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর থেকে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে বাগানবাড়ি ইউনিয়নের দক্ষিণ গালিমখা খন্দকার বাড়ি এলাকায় ওয়াপদা খালের পাড় থেকে তার লাশ উদ্ধার হয়।
নিহত সুরুজ মিয়া (১৮) সাদুল্যাপুর ইউনিয়নের মুক্তিরকান্দি গ্রামের ফজরআলীর ছেলে। সে ভাড়ায় মটরসাইকেল চালাত।
সুরুজের পরিবারের উদ্ধৃতি দিয়ে মতলব উত্তর থানার ওসি মো. রোস্তম আলী শিকদার সাংবাদিকদের জানান, রোববার বিকালে দুই যুবক সাদুল্যাপুর ইউনিয়নের পাঠানবাজার থেকে সুরুজের মটরসাইকেল ভাড়া নেওয়ার জন্য ডেকে নিয়ে যায়।
এরপর থেকেই সে নিখোঁজ ছিল।
খবর পেয়ে সুরুজের ভাই শুুক্কুর আলী গালিমখায় এলাকায় গিয়ে তার লাশ সনাক্ত করে।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মাদক কিংবা কোনো ছিনতাইকারী চক্র এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ওসি জানান, সুরুজের বাবা ফজর আলী বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮২১ ঘ.
bdnews24