সাভার, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাভারের আশুলিয়ায় সোমবার ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাদের আরেক ভাই ও একজন প্রতিবেশী।
ঢাকায় বিমানবন্দর থেকে কুয়েত প্রবাসী ছোট ভাইকে নিয়ে দিনাজপুরে গ্রামের বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় পড়েন তারা।
নিহত জুলহাস মিয়া (৩০) ও শুকুর আলী (৩৮) এবং আহত নজরুল ইসলামের (২৫) বাবার নাম সিরাজুল ইসলাম।
আহত অপর জনের নাম গোলাম মোস্তাফা। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, হতাহত সবাই দিনাজপুরের পীরগঞ্জ থানার দেপারুপাড়ার বাসিন্দা।
নিহতদের লাশ আশুলিয়া থানায় আছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুয়েত প্রবাসী ছোট ভাই জুলহাসকে নিয়ে শুকুর নিজস্ব প্রাইভেটকারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পীরগঞ্জের বাড়িতে যাচ্ছিলেন।
তিনি বলেন, "পথে সকাল ৭টার দিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই সহোদর নিহত এবং অপর দুইজন আহত হন।"
এসআই সঞ্জুর জানান, প্রাইভেটকার ও ট্রাক আটক করা হয়েছে। চালক দুই জন পালিয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩০৩ ঘ.
bdnews24