ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।
রোববার ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে (টিএসসি) উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর হোসেন। জার্মান সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এ উৎসবের আয়োজন করেছে।
সোমবার টিএসসি মিলনায়তনে এবং সোমবার, মঙ্গলবার ও বুধবার জার্মান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এবারের উৎসবে দেশের ২৯ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে অংশ নিচ্ছে। ভারত, বসনিয়া, স্লোভাকিয়া, ওমানসহ বেশ কয়েকটি দেশের শিক্ষার্থীরাও এতে অংশ নিয়েছে।
এছাড়াও বলকান স্ন্যাপশট ফিল্ম ফেস্টিভ্যাল এবং স্ট্রেঞ্জার ফিল্ম ফেস্টিভ্যালের বেশ কিছু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২১৫৮ ঘ.
bdnews24