২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য ভূমি কমিশনের বৈঠক, ছিলেন না সন্তু

খাগড়াছড়িতে রোববার পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের বৈঠক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 02:42 PM

Updated : 24 Aug 2022, 08:49 PM

খাগড়াছড়ি, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়িতে রোববার পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের বৈঠক হয়েছে। তবে বৈঠকে পাবর্ত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা ছিলেন না। সকাল ১১টায় খাগড়াছড়ি সার্কিট হাউসে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন- কমিশনের সদস্য খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল ইসলাম, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন মোগল ও কমিশনের সদস্য সচিব আব্দুল হামিদ। বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলাম সাংবাদিকদের জানান, ভূমি জরিপ ছাড়া বিরোধ নিষ্পত্তি করা সম্ভব নয়। প্রকৃত ভূমি মালিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে কমিশন নজর রাখবে। তিনি জানান, ইতোমধ্যে ভূমি বিরোধ সংক্রান্ত ১০৯টি আবেদনপত্র জমা পড়েছে। আগামী ১২ মে খাগড়াছড়ি টাউন হলে জেলা প্রশাসন, হেডম্যান, কার্বারীসহ বিভিন্ন স্তরে সামাজিক ও রাজনৈতিক নেতাদের নিয়ে আবার বৈঠক হবে। খাদেমুল ইসলাম বলেন, ভারত প্রত্যাগত শরণার্থীদের মধ্যে যাদের বসতভিটা বেখল হয়েছে তাদের ভূমি বিরোধ নিষ্পত্তি করা কমিশনের দায়িত্ব। বৈঠকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা, রাঙামাটি ও বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান, তিন পার্বত্য জেলার সার্কেল চিফ বা তার প্রতিনিধিরা কেউ উপস্থিত ছিলেন না। এ ব্যাপারে সন্তু লারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত প্রত্যাগত ও অভ্যন্তরীণ শরণার্থী এবং ভুমি সমস্যা সম্পর্কিত ২০০১ সালে প্রণীত আইন পার্বত্য শান্তিচুক্তি অনুযায়ী হয়নি। কিছু কিছু ধারা রয়েছে সেগুলো চুক্তির সঙ্গে সাংঘর্ষিক ও বিরোধাত্মক সেগুলো সংশোধন না হলে বৈঠকে অংশ নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, ভূমি জরিপের দায়িত্ব কমিশনের নয়। এটা সম্পূর্ণ সরকারের দায়িত্ব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৫ ঘ.