২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ রক্ষার কার্যক্রমে সমন্বয় নেই: প্রতিমন্ত্রী

পরিবেশ রক্ষা কার্যক্রমে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় না থাকায় অর্থের অপচয় হওয়ার কথা স্বীকার করলেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 08:07 AM

Updated : 24 Aug 2022, 08:50 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ রক্ষা কার্যক্রমে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় না থাকায় অর্থের অপচয় হওয়ার কথা স্বীকার করলেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, "সরকারের বিভিন্ন মন্ত্রণালয় পরিবেশ রক্ষায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে। কিন্তু মন্ত্রণালয়গুলোর কাজের কোনো সমন্বয় নেই। এ জন্য অর্থের অপচয় হচ্ছে।" "তবে মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় করা সম্ভব হলে অপচয় রোধ করা যাবে", বলেন প্রতিমন্ত্রী। হাছান মাহমুদ রোববার সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তার দায়িত্ব নেওয়ার পর সাত মাসে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। প্রতিমন্ত্রী জানান, আগামী ২৮ ও ২৯ এপ্রিল ভুটানের থিম্পুতে অনুষ্ঠেয় ষোড়শ সার্ক সম্মেলনে মূল প্রতিপাদ্য হচ্ছে পরিবেশ। এতে পানি ব্যবস্থাপনা, বায়ুমান নিয়ন্ত্রণ, উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা এবং বনায়নসহ ১৬টি বিষয় নিয়ে আলোচনা ও চুক্তি হবে। চুক্তির খসড়া ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে বলে তিনি জানান। হাছান বলেন, গাজীপুরে সরকারি জমি দখলমুক্ত করে একটি সাফারি পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৪ হাজার একর জমির ওপর গড়ে তোলা এ পার্কের নাম হবে 'বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক'। আগামী একনেকেই এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন হতে পারে, বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, বন্যপ্রাণী সংরক্ষণের জন্য দেশে প্রথমবারের মতো জাতীয় পুরস্কার ঘোষণা করা হচ্ছে। 'বঙ্গবন্ধু শেখ মুজিব বন্য প্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার' নামে এ পুরস্কারটি এ বছর থেকেই দেওয়া হবে। সুন্দরবনকে রক্ষায় আশেপাশের গ্রামের লোকদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে হাছান বলেন, বনের পাশের ৭৬টি গ্রামের মানুষকে এ কার্যক্রমে কাজে লাগানো হবে। প্রধানমন্ত্রী এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছেন বলে তিনি জানান। প্রতিমন্ত্রী জানান, তিনি দায়িত্ব নেওয়ার আগে গত সাত বছরে দেশে পরিবেশ সংক্রান্ত মোট মামলা হয়েছে ৩৩৮টি। আর তিনি দায়িত্ব নেয়ার পর সাত মাসে হয়েছে ১১৭টি। পরিবেশ রক্ষায় পলিথিনবিরোধী অভিযান আরো জোরদার করা হচ্ছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে পরিবেশ সচিব মিহির কাান্তি মজুমদারও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৪০০ ঘ.