২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনের মধ্যে জয়দেবপুর-না. গঞ্জ উড়ালপথের দরপত্র

আগামী জুন মাসের মধ্যে জয়দেবপুর-নারায়ণগঞ্জ ৩২ কিলোমিটার উড়ালপথ নির্মাণের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 01:31 PM

Updated : 24 Aug 2022, 08:47 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জুন মাসের মধ্যে জয়দেবপুর-নারায়ণগঞ্জ ৩২ কিলোমিটার উড়ালপথ নির্মাণের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা হবে। শনিবার বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে 'ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা : সমস্যা ও সমাধানের পরামর্শ' শীষর্ক আলোচনা সভা শেষে একথা বলেছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। চার্টার্ড ইন্সটিটিউট অব লজিস্টিকস অ্যান্ড ট্রান্সপোর্ট বাংলাদেশ কাউন্সিল (সিআইএলটি) এ আলোচনার আয়োজন করে। জয়দেবপুর-নারায়ণগঞ্জ উড়ালপথের নির্মাণ ব্যয় ধরা হয়েছে আট হাজার ছয়শ ১৭ কোটি টাকা। যোগাযোগমন্ত্রী জানান, সরকার তার চলতি মেয়াদেই এ উড়ালপথ নির্মাণের চেষ্টা করবে। উড়ালপথ প্রকল্প বাস্তবায়নে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রাকযোগ্য হিসাবে বিবেচিত হয়েছে বলে জানান তিনি। প্রতিষ্ঠান চারটি হলো থাইল্যান্ডের ইতালি-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড, বাংলাদেশ-কোরিয়ার বিনিয়োগের সিকদার রিয়াল এস্টেট কেসিসি জেভি, ভারত-ফ্রান্সের বিনিয়োগের গ্যাম্মন ইনফ্রাস্ট্রাকচার প্রোজেক্টটস লিমিটেড বোয়গুস ট্রার্ভ পাবিলক্স এসএ কনসোর্টিয়াম এবং চীনের চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল লিমিটিডে। গত ৬ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে প্রাকযোগ্য হিসাবে নির্বাচিত নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর নাম জানায় সেতু বিভাগ। অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি নয়টি প্রতিষ্ঠানের প্রাকযোগ্যতা যাচাই প্রস্তাব বিবেচনা করে ওই চারটিকে নির্বাচন করে। গত বছরের নভেম্বর মাসে প্রাকযোগ্যতা যাচাইয়ে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে সেতু বিভাগ। শনিবার আলোচনা শেষে যোগযোগমন্ত্রী জানান, যানজট নিরসনে উড়ালসেতু (ফ্লাইওভার) তৈরি করা হচ্ছে। পাবলিক বাসের সংখ্যা বৃদ্ধিসহ সরকারের নানা পরিকল্পনা রয়েছে। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘ সময় লাগবে বলে জানান সৈয়দ আবুল হোসেন। রাজধানীর যানজট দূর করতে পাতাল রেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি টেস্ট) প্রতিবেদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ প্রকল্প ব্যয়ের ৮০ শতাংশ জাপান সরকার আর্থিক সহযোগিতা হিসেবে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। আলোচনায় মূল প্রবন্ধে সিআইএলটি'র ভাইস প্রেসিডেন্ট কারার মাহমুদুল হাসান যানজট নিরসনে প্রাইভেটকারের সংখ্যা কমানো, অবৈধ রিক্সা উচ্ছেদ, রাজধানী থেকে ১০ বছরের বেশি পুরনো গাড়ি উচ্ছেদ, বিভিন্ন স্থানে উড়ালসেতু তৈরিসহ ট্রাফিক পুলিশ বৃদ্ধির সুপারিশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ইনভেস্টমেন্টের নির্বাহী চেয়ারম্যান সৈয়দ এ সামাদ। এছাড়া সিআইএলটি'র প্রেসিডেন্ট সৈয়দ রেজাউল হায়াত এবং অনারারি সেক্রেটারী মহিউদ্দিন আব্দুল কাদের বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৯২১ ঘ.