২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটগ্রহণ শেষ, গণনা শুরু

বড় ধরনের গোলযোগ ছাড়াই ভোলার উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। তবে অনিয়মের অভিযোগে লালমোহনের নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 10:26 AM

Updated : 24 Aug 2022, 08:48 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ভোলা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় ধরনের গোলযোগ ছাড়াই ভোলার উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। তবে অনিয়মের অভিযোগে লালমোহনের নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। একটি কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছে ছয়জন। বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন। তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। লালমোহন ও তজুমদ্দিন উপজেলা মিলিয়ে ভোলা-৩ নির্বাচনী এলাকায় শনিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। অনিয়মের অভিযোগ ওঠায় নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধের নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। ওই আসনের ভোট কেন্দ্র ৮৬টি। এর মধ্যে ৫৬টি লালমোহনে, বাকিগুলো তজুমদ্দিনে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৯২৬। এর মধ্যে পুরুষ ১ লাখ ১৪ হাজার ৮৮০ এবং নারী ১ লাখ ২০ হাজার ৪৬ জন। কী পরিমাণ ভোট গ্রহণ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে দুপুর পর্যন্ত বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের দেওয়া তথ্যে দেখা যায়, দুপুরের আগেই প্রায় ৫০ শতাংশ ভোট পড়ে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বিকাল ৪টার দিকে লালমোহনে নিজের বাড়িতে সংবাদ সম্মেলনে হাফিজ বলেন, "নির্বাচন কমিশন, র‌্যাব, পুলিশ ও স্থানীয় কর্মকর্তাদের নির্লজ্জ তৎপরতায় একটি প্রহসনের নির্বাচন হয়েছে।" ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বিকালে সাংবাদিকদের বলেন, ভোলার ৮৬টি কেন্দ্রের মধ্যে ৫৭টি থেকে হাফিজের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তিনি বলেন, "অনেক কেন্দ্রে ভোটারদের ঢুকতে দেওয়া হয়নি। অনেক কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের অনুপস্থিতিতে একতরফাভাবে ভোট দিয়েছে সরকারি দলের কর্মীরা।" অন্যদিকে ফলাফল মেনে নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "বিএনপি এ নির্বাচনকে ইস্যু করে কিছু করলে আওয়ামী লীগ তা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে।" আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরীর শাওনের নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়কারী তোফায়েল আহমেদ ভোট গ্রহণ শেষে লালমোহনের শাহবাজপুর কলেজ মাঠে সাংবাদিকদের বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। নির্বাচন বাতিলের দাবি অবাস্তব ও অগ্রহণযোগ্য। হাফিজের দাবি 'পূর্ব পরিকল্পিত'- এ মন্তব্য করে ভোলার সংসদ সদস্য তোফায়েল বলেন, "এখন হয়তো ঢাকা থেকে কর্মসূচি দেওয়া হবে।" ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া সবগুলো কেন্দ্রই লালমোহন উপজেলায়। এসব কেন্দ্রে ভোটারের সংখ্যা ৩১ হাজারের বেশি। কেন্দ্রগুলো হলো- লালমোহন পৌর এলাকার লালমোহন পাবলিক লাইব্রেরি ও সংলগ্ন মহিলা কলেজ কেন্দ্র, কালমা ইউনিয়নের আজহার উদ্দিন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ধলীগৌরনগর ইউনিয়নের ভেদুরিয়া সেরাজিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্র, ফরাজগঞ্জ ইউনিয়নের সাতানি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, কিশোরগঞ্জ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, মহেশখালী আশরাফিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের উত্তর অন্নদা প্রসাদ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, লর্ড হার্ডিঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্র ও সৈয়দাবাদ ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্র। নির্বাচনী এলাকায় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পরপরই বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে তার পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ সমর্থকরা তাদের বাধা দিয়েছে এবং এজেন্ট হওয়ার কাগজপত্র ও জাতীয় পরিচয়পত্র ছিনিয়ে নিয়েছে। সকাল ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল ইসি সচিবালয়ে গিয়ে জানায়, ৩৭টি কেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্ট নেই। আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা তাদের কাউকে যেতে দেয়নি, কাউকে বের করে দিয়েছে। তবে আওয়ামী লীগ প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন এ অভিযোগ নাকচ করে দুপুরে বলেন, ভোট কেন্দ্রে যেতে কাউকে তার দলের কর্মীরা বাধা দিচ্ছে না। বিকাল সাড়ে ৩টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলা হয়, উপনির্বাচনে ৫৭টি কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়। ভোটের চিত্র সকালে বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। এর মধ্যে নারীদের সংখ্যা ছিলো তুলনামূলক বেশি। তবে দুপুরে কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম যায়। ১২টার সময় তজুমদ্দিন উপজেলার গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০/ ১২ জন ভোটার দেখা যায়। কম উপস্থিতির বিষয়ে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার কেন্দ্রের ১৫৮১ জন ভোটারের মধ্যে ৮০০ এর বেশি ভোট দিয়েছেন। "দুপুরে স্বাভাবিকভাবেই ভোটার উপস্থিতি কম থাকে। দুপুরের পর আবার বাড়বে", বলেন তিনি। ওই কেন্দ্রে ভোট দেন অশীতিপর জালালউদ্দিন। তিনি বলেন, "ভোট সুষ্ঠুভাবে হচ্ছে।" কোথাও কোনো ধরনের বাধা পাননি বলেও জানান তিনি। লালমোহন মাধ্যমিক বালক বিদ্যালয় কেন্দ্রে বিজয় রানী দাশ (৩২) জানান, নিরাপত্তার অভাব তিনি বোধ করেননি। একই কেন্দ্রে সুরাইয়া সোনিয়া (২২) নামে এক তরুণী বলেন, "গতকাল মারামারি হওয়ার পর একটি ভীতি কাজ করেছিলো। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সে শঙ্কা কেটে যায়।" সকাল ৮টায় লালমোহন ইসলামিয়া কমিল মাদ্রাসা কেন্দ্রে নাজিমউদ্দিন টিপু (৩৮) বলেন, "কেন্দ্রে আসতে কেউ বাধা দেয়নি। মনে হচ্ছে, মানুষের মধ্যে উৎসাহেও কমতি নেই।" বাচ্চা কোলে নিয়ে ভোট দিতে আসা ফাতেমা বেগম (২৮)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "পথে কোনো সমস্যা হয়নি। ভালোই লাগছে।" তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, দুপুর ১২টা পর্যন্ত তার কেন্দ্রে ১৪০০ ভোট গ্রহণ হয়। ওই কেন্দ্রে মোট ভোটার ২৮৫৪ জন। ফরাজগঞ্জের আজহার উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেন্ত্রের সকাল ১০টার মধ্যে আড়াই হাজারের মধ্যে ৫০০ ভোট গ্রহণ হয়। লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোফাজ্জেল হোসেন বলেন, সকাল সাড়ে ১০টা পর্যন্ত তার কেন্দ্রে দেড় হাজার ভোট গ্রহণ হয়েছে। সেখানে মোট ভোটার ৪৪০৭ জন। সংঘর্ষ, হামলা, বাধার অভিযোগ সকাল পৌনে ৯টার দিকে ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি হয় সাংবাদিকদের সামনেই। এতে বিএনপির পাঁচ জন সমর্থক দেলোয়ার হোসেন, মোসলেহউদ্দিন, লিটন, মতলব ও হালিম এবং আওয়ামী লীগ সমর্থক আব্বাস আহত হন। লাঠির আঘাতে দেলোয়ারের মাথা ফেটে যায়। লালমোহন উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দূরের ওই কেন্দ্রের আশাপাশে পুলিশ কিংবা র‌্যাবের টহল দেখা যায়নি। তবে এ মারামারির প্রভাব কেন্দ্রে পড়েনি। সেখানে ভোট গ্রহণ যথারীতি চলে। বিএনপি অভিযোগ করেছে, বিভিন্ন স্থানে তাদের নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। দলের যুগ্মমহাসচিব ও বিএনপি প্রার্থীর প্রচারের সমন্বয়কারী আমানউল্লাহ আমান দাবি করেছেন, তজুমদ্দিনে তার ওপরও হামলা হয়েছে। দুপুরে লালমোহনে হাফিজের বাড়িতে তিনি সাংবাদিকদের বলেন, বেলা সাড়ে ১১টার দিকে আড়ালিয়া কেন্দ্রে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম কিরণের নেতৃত্বে আওয়ামী লীগ-যুবলীগের কর্মীরা ব্যালটে সিল মারতে দেখি। "কী হচ্ছে জানতে চাইলে কিরণের নেতৃত্বে আমার ওপর হামলা হয়", বলেন আমান। তিনি জানান, র‌্যাব ও পুলিশ তাকে উদ্ধার করে লালমোহনে পৌঁছে দেয়। সকাল সাড়ে ৮টার দিকে লালমোহন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর হাফিজ সাংবাদিকদের বলেন, "এ পর্যন্ত চারটি কেন্দ্র থেকে আমার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। বিএনপির সমর্থকদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। এখন প্রহসনের নির্বাচন হচ্ছে, যা সামরিক সরকারের আমলে হতো।" হাফিজের অভিযোগ, লালমোহনের বদরপুর, ফরাজশঞ্জ, কালমা, চরবোতা ইউনিয়নের কেন্দ্রগুলো থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়। সাতানিয়া ও কিশোরগঞ্জ কেন্দ্রে তার এজেন্টকে ঢুকতেই দেওয়া হয়নি। বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সকাল ১০টায় ঢাকায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার সঙ্গে দেখা করেন। তখন তারা জানান, ৩৭টি কেন্দ্রে বিএনপি প্রার্থীর পোলিং এজেন্ট নেই। এর মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হয়নি, কাউকে বের করে দেওয়া হয়েছে। প্রায় ৪৫ মিনিট ইসির সঙ্গে বৈঠকের পর আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিইসি সাহেবও স্বীকার করেছেন, অনেক কেন্দ্রে বিএনপির এজেন্ট নেই।" নির্বাচন কমিশনের বক্তব্য বিএনপির প্রতিনিধি দলের বিভিন্ন অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি কিছু অভিযোগ জানিয়েছে। আমরা খোঁজ-খবর নিচ্ছি।" পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার বিষয়ে ভোলা-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈধ নিয়োগ না থাকলে কেন্দ্রে কোনো দলের এজেন্টকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। বৈধ এজেন্টরাই কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।" শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে রিটার্নিং কর্মকর্তা দাবি করেন। এরপর দুপুরে নয়টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্রে যান। দুপুরে তজুমদ্দিনের সম্ভুপুর বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বিএনপির অভিযোগের প্রতিক্রিয়ায় শাওন বলেন, "এটা পুরোপুরি অসত্য।" বিএনপি প্রার্থীর এজেন্ট না থাকার কারণ কী বলে মনে করেন- জানতে চাওয়া হলে তিনি বলেন, "তারা অনেক বহিরাগতকে এজেন্ট করেছিলো। কিন্তু ভোটার না হলে তো এজেন্ট হওয়া যায় না। তাই হয়তো তাদের এজেন্ট নেই।" আওয়ামী লীগ নেতাকর্মীরা কেন্দ্রে যেতে কাউকে কোনো ধরনের বাধা দিচ্ছে না বলে দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এজে/এমআই/১৭৩০ ঘ.