২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না: হাফিজ

ভোলা উপনির্বাচনে বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 04:55 AM

Updated : 24 Aug 2022, 08:48 PM

ভোলা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা উপনির্বাচনে বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এদিকে লালমোহনে একটি কেন্দ্রে বিএনপি সমর্থকদের ওপর ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে। তবে অন্য কোথাও গোলযোগের কোনো খবর পাওয়া যায়নি। ভোলা-৩ (লালমমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শনিবার সকাল ৮টায় শুরু হয়েছে, চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। সকালে লালমোহনের চারটি কেন্দ্র ঘুরে ভোটারের উপস্থিতি খুব বেশি দেখা যায়নি। তবে তুলনামূলকভাবে নারীদের উপস্থিতি ছিলো বেশি। সকাল সাড়ে ৮টার দিকে লালমোহন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন হাফিজ। তিনি সেখানে সাংবাদিকদের বলেন, "এ পর্যন্ত চারটি কেন্দ্র থেকে আমার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। বিএনপির সমর্থকদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। এখন প্রহসনের নির্বাচন হচ্ছে, যা সামরিক সরকারের আমলে হতো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সকালে লালমোহনের মহেশখালী প্রাথমিক বিদ্যালয় এবং কিশোরগঞ্জ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থীর কোনো এজেন্ট দেখেননি। তবে আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট ছিলেন। বিএনপি প্রার্থীর এজেন্ট নেই কেন- জানতে চাওয়া হলে কেন্দ্র দুটির প্রিজাইডিং কর্মকর্তা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। হাফিজের অভিযোগ, লালমোহনের বদরপুর, ফরাজশঞ্জ, কালমা, চরবোতা ইউনিয়নের কেন্দ্রগুলো থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। সাতানিয়া ও কিশোরগঞ্জ কেন্দ্রে তার এজেন্টকে ঢুকতেই দেওয়া হয়নি। হাফিজের অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে ভোলা-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈধ নিয়োগ না থাকলে কেন্দ্রে কোনো দলের এজেন্টকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। বৈধ এজেন্টরা কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।" তবে ফরাজগঞ্জ ইউনিয়নের আজহার উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিএনপির তিনজন এজেন্টের অন্যতম রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেন্দ্রে আসার পথে আওয়ামী লীগ সমর্থকরা তাদের জাতীয় পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছিলো। তিনি বলেন, প্রশাসনের সহায়তায় তিনিসহ তিনজন কেন্দ্রে ঢুকতে পারলেও অপর তিনজন পারেননি। একই অভিযোগ করলেন ওই কেন্দ্রে বিএনপি প্রার্থীর আরেক এজেন্ট নূরজাহান বেগমও। রিটার্নিং কর্মকর্তা জানান, করিমগঞ্জ সিনিয়র মাদ্রাসায় এজেন্ট ঢুকতে দেওয়ায় বাধার অভিযোগ তিনি পেয়েছেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে তিনি দাবি করেন। হাফিজ যাওয়ার আগে সকাল ৮টার দিকে লালমোহন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে যান আওয়ামী লীগের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি সাংবাদিকদের বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। সকাল পৌনে ৯টার দিকে ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি হয় সাংবাদিকদের সামনেই। এতে বিএনপির পাঁচ জন সমর্থক দেলোয়ার হোসেন, মোসলেহউদ্দিন, লিটন, মতলব ও হালিম এবং আওয়ামী লীগ সমর্থক আব্বাস আহত হন। লাঠির আঘাতে দেলোয়ারের মাথা ফেটে গেছে। লালমোহন উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দূরের ওই কেন্দ্রের আশাপাশে পুলিশ কিংবা র‌্যাবের টহল দেখা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এসএম/এমআই/১০৪৪ ঘ.