২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ভোটগ্রহণ চলছে

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শনিবার সকাল ৮টায় শুরু হয়েছে। চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। ভোলা প্রতিনিধিকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন মইনুল হক চৌধুরী। (আরও তথ্যসহ ১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 04:32 AM

Updated : 24 Aug 2022, 08:48 PM

মইনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক লালমোহন, ভোলা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলা-৩ (লালমমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শনিবার সকাল ৮টায় শুরু হয়েছে। চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। দুই উপজেলার ৮৬টি কেন্দ্রে এ ভোট হচ্ছে। এ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন, বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে শনিবার সকালে টেলিফোনে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমরা সার্বক্ষণিকভাবে নির্বাচন কমর্তকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।" সকাল ৮টায় লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. এনায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই প্রার্থীর সাতজন করে এজেন্ট ভোটকেন্দ্রে উপস্থিত আছেন। ভোট দেওয়ার জন্য এই কেন্দ্রে সকাল ৮টার আগেই অর্ধশত ভোটার লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় ছিলেন। তাদের একজন নাজিমউদ্দিন টিপু (৩৮) বলেন, "কেন্দ্রে আসতে কেউ বাধা দেয়নি। মনে হচ্ছে, মানুষের মধ্যে উৎসাহেও কমতি নেই।" বাচ্চা কোলে নিয়ে ভোট দিতে এসেছেন ফাতেমা বেগম (২৮)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "পথে কোনো সমস্যা হয়নি। ভালোই লাগছে।" মাথায় ব্যান্ডেজ নিয়ে লাইনে দাঁড়ানো বাবুল নামের একজন সাংবাদিকদের জানান, গত রাতে বিনোদন বাজারে তার ওপর হামলা হয়। বিএনপি সমর্থকরা ওই হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। কয়েক দিন ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধীদল বিএনপির প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে নির্বাচনী এলাকার নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সাড়ে তিন হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। রয়েছে নির্বাহী ও বিচারিক হাকিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিসহ (ইউএনডিপি) বেশ কিছু সংস্থার প্রতিনিধিরা এসেছে। শুক্রবার রাতে রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোটের সব প্রস্তুতি শেষ হয়েছে। নির্বাচনের আগ মুহূর্তে শুক্রবার দু-একটি বিচ্ছন্ন ঘটনা ঘটলেও ভোটারদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করি না।" সুষ্ঠুভাবে ভোটগ্রহণে সব ধরনের সহযোগিতার জন্য তিনি দুই প্রার্থীর প্রতি আহ্বান জানান। এর আগে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, সুষ্ঠু নির্বাচনের সব পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কোনো ভোটকেন্দ্রে অনিয়ম কিংবা সহিংস ঘটনা ঘটলে সেখানে ভোট নেওয়া বন্ধ করে দেওয়া হবে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জয়ী হন আওয়ামী লীগের মো. জসিম উদ্দিন। ২০০৪ সালের ৩১ আগস্ট সেনাবাহিনী থেকে জসিমকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বাধ্যতামূলক অবসরের পর পাঁচ বছর পার না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনে অংশ নিতে পারেন না। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হাফিজউদ্দিন আহম্মেদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৬ ফেব্র"য়ারি হাইকোর্ট তার সংসদ সদস্যপদ অবৈধ ঘোষণা করে। ওই রায়ের বিরুদ্ধে জসিম উদ্দিনের আবেদন ১৮ অক্টোবর খারিজ করে আপিল বিভাগ। গত ৩ ফেব্র"য়ারি নির্বাচন কমিশন ওই আসনটি শূন্য ঘোষণা করে। এ বছরের ১৮ মার্চ উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। উপনির্বাচনে জসিম আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি। লালমোহন উপজেলায় নয়টি ইউনিয়ন, পৌরসভা এবং তজুমদ্দিন উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের ভোটকেন্দ্র রয়েছে ৮৬টি। প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে প্রিসাইডিং কর্মকর্তা থাকছেন। এছাড়া ৫৪৭ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ১০৯৪ পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৯২৬। এর মধ্যে পুরুষ এক লাখ ১৪ হাজার ৮৮০ এবং মহিলা এক লাখ ২০ হাজার ৪৬। বাসিন্দা, ভোটার ও নির্বাচন কমিশনের অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্যদের নির্বাচনী এলাকায় প্রবেশে কড়াকড়ি রয়েছে। ২০০৮ সালের নির্বাচনে দুই লাখ ১৫ হাজার চার ভোটের মধ্যে আওয়ামী লীগের মো. জসিম উদ্দিন পান ৯৬ হাজার ৪৮৪। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হাফিজউদ্দিন আহমেদ পান ৮৩ হাজার ১২৭ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নুরুল ইসলাম ১৬৩৯ এবং স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমান মান্না ১২০৭ ভোট পান। 'না' ভোট পড়ে ৪৯০। ভোটগ্রহণের হার ৮৬ দশমিক ১৩ শতাংশ। না ভোটের বিধান রেখে তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা আইন সংশোধন করা হয়েছে। তাই উপনির্বাচনে না ভোট নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এজে/০৮৫৬ ঘ.