২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগমারার পুলিশ হত্যার আসামি গ্রেপ্তার

রাজশাহীর বাগমারার তাহেরপুরে পুলিশ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2010, 10:03 AM

Updated : 24 Aug 2022, 08:45 PM

রাজশাহী, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাগমারার তাহেরপুরে পুলিশ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপুর পৌরসভা মার্কেটের সামনে থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার পর পুলিশের কাছে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই। গ্রেপ্তার গোলজার হোসেন ওরফে হিটলারকে (২৫) পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) সক্রিয় সদস্য বলে র‌্যাব জানায়। তার বাড়ি দুর্গাপুরের কয়ামাজমপুর গ্রামে। পুলিশ কর্মকর্তা হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাগমারার তাহেরপুরে পুলিশ হত্যা এবং অস্ত্র লুটের মামলার অভিযোগপত্রভুক্ত আসামি গোলজার।" তার বিরুদ্ধে দুর্গাপুর পৌরসভার কমিশনার আনোয়ার হত্যা মামলা রয়েছে বলেও পুলিশ জানায়। ২০০৮ সালের ২ মে তাহেরপুরে চরমপন্থীদের হামলায় এক পুলিশ সদস্য নিহত এবং চার সদস্য আহত হয়। হামলাকারীরা পুলিশের পাঁচটি অস্ত্র ছিনতাই করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫০ ঘ.