রাজশাহী, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পুঠিয়া উপজেলায় বুধবার গভীর রাতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালকসহ দুজন নিহত এবং ১০ জন আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বানেশ্বর ঝলমলিয়া নামক স্থানে রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়।
নিহত বাসচালকের নাম হায়দার আলী (৩২)। তার বাড়ি চুয়াডাঙ্গার মসজিদপাড়া এলাকায়। নিহত অপরজন বাসযাত্রী। তার পরিচয় জানা যায়নি। তাদের লাশ ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত বাসযাত্রী হাফিজুল, জহুরুল, সজিব ও বাবুকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদেরও পরিচয় জানা যায়নি।
পুঠিয়া থানার ওসি আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী দূর দূরান্ত ড্রিম নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসচালকের মৃত্যু হয়। আহত এক যাত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২২৫ ঘ.
bdnews24