জামালপুর, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরের ইসলামপুর থানা পুলিশকে অবরুদ্ধ করে তাদের হেফাজত থেকে হত্যা মামলার সন্দেহভাজন আসামি ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনা ঘটায় বলে জানিয়েছেন ইসলামপুর থানার ওসি খন্দকার ফেরদৌস আহম্মেদ।
ছিনিয়ে নেওয়া ছাত্রলীগ নেতা হলেন- ইসলামপুর পৌরসভা শাখার সাবেক আহ্বায়ক সুমন মিয়া।
কম্পিউটার ব্যবসায়ী শাহ্ শিখাইয়া বিন রোজ হত্যা মামলায় জড়িত সন্দেহে পুলিশ ওইদিন রাত ৯টায় তাকে আটক করে।
তাকে ছিনিয়ে নেওয়ার পর রাত ১১টায় যুবলীগ ও ছাত্রলীগ পৌর এলাকার বটতলা চত্বরে সমাবেশ করে।
এ ব্যাপারে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কারো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে রোজ হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, রোজের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া, ইসলামপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা দাবি করে বুধবার গণ অনশন কর্মসূচী পালন করেছে একটি নাগরিক সংগঠন।
ওসি ফেরদৌস সাংবাদিকদের জানান, বটতলা এলাকা থেকে সুমনকে আটক করে থানায় আনার পর ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাসের চৌধুরী, ইসলামপুর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদেরসহ সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা থানা ঘেরাও করে এবং থানার মূল ফটকে তালা লাগিয়ে তার মুক্তি দাবি করে।
থানা পুলিশকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর তারা সুমনকে থেকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তিনি জানান, সুমনকে জিজ্ঞাসাবাদ করলে রোজ হত্যাকাণ্ডের অনেক তথ্য পাওয়া যেত।
ওসি দাবি করেন, একটি মহল মামলাটি ভিন্নখাতে প্রবাহিত ও তদন্তে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে।
গত ৫ মার্চ রাতে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসার গেটে ব্যবসায়ী রোজ দুর্বৃত্তের গুলিতে নিহত হন। দুর্বৃত্তরা তার মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত স্থানীয় বিএনপির কর্র্মী দেলু, ইসলামপুর ইউএনও'র বাসভবনের দুই নিরাপত্তা প্রহরী আব্দুস ছালাম ও আবুল কালামকে গ্রেপ্তার করেছে।
এদিকে পৌর এলাকার বটতলা মোড়ে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণ অনশন কর্মসূচি পালন করেছে ইসলামপুর উপজেলা নাগরিক কমিটি।
ইসলামপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল বারী মণ্ডল ও ইউএনও রোজের মাসহ অন্যদের মুখে পানি পান করিয়ে অনশন ভাঙান।
এ সময় রোজ হত্যাকারীদের বিচারের আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান।
ইসলামপুর উপজেলা নাগরিক কমিটির সভাপতি আজিজুল হক সভাপতিত্বে অনশন চলাকালে বক্তব্য রাখেন- রোজের মা রোজী বেগম, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আনছার আলী, বাংলাদেশের কমিউনিস্ট পাটির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আক্কাস, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোজাহারুল হক প্রমুখ।
আগামী ৪ মে'র মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে পরদিন নাগরিক কমিটি ইসলামপুর জনতা মাঠে সমাবেশ করার ঘোষণা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২৯ ঘ.
bdnews24