টাঙ্গাইল, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় যমুনা নদীর তীরে মাটি চাপা পড়ে তিন নারী শ্রমিক মারা গেছেন।
আহত হয়েছেন একজন।
বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ চরপাড়া এলাকায় নদীতীরে মাটি কাটার সময় তারা দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছেন নাগরপুর থানার ওসি মো. রবিউল ইসলাম।
নিহতরা হলেন- দক্ষিণ চরপাড়া গ্রামের আকতার হোসেনের স্ত্রী জহুরা বেগম (৫০), মঞ্জু মিয়ার স্ত্রী হাসিনা বেগম (৩৫) ও আরিফ হোসেনের স্ত্রী সালমা বেগম (৪০)।
আহত হয়েছেন পটল শেখের স্ত্রী আসমা বেগম (৪২)। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে চার নারী মাটি কেটে পাশের একটি বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তারা মাটি চাপা পড়েন।
আড়াইটার দিকে স্থানীয় লোকজন খবর পেয়ে মাটির নিচ থেকে তিনজনের লাশ উদ্ধার করে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩২ ঘ.
bdnews24