ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধ ভেঙে আরো পাঁচ হাজার একর জমির বোরো ফসল তলিয়ে গেছে।
এপ্রিলের শুরু থেকে এ পর্যন্ত উজান থেকে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওর এলাকায় পানি বেড়ে বেশ কয়েকটি বন্যা নিয়ন্ত্রণ ও ফসল রক্ষ বাঁধ ভেঙে যায়।
তলিয়ে যায় কয়েক লাখ একর জমির ইরি-বোরো ফসল।
ধনু নদীর পানি বেড়ে মঙ্গলবার সকালে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় গাগলাজোর ইউনিয়নের বড়ান্তর গ্রামে চারটি ফসলরক্ষা বাঁধ ভেঙে প্রায় তিন হাজার একর জমির ফসল তলিয়ে গেছে।
এ পর্যন্ত জেলার সদর, মোহনগঞ্জ, মদন, কলমাকান্দা, খালিয়াজুরী উপজেলায় বেশ কয়েকটি বাঁধ ভেঙে কয়েক হাজার একর জমির ফসল তলিয়ে গেছে।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় একটি বাঁধ ভেঙে তলিয়ে গেছে প্রায় দুই হাজার একর জমির বোরো ফসল।
এর আগেও জেলার হাওরা এলাকার কয়েকটি বাঁধ ভেঙে কয়েক হাজার একর জমির ফসল তলিয়ে যায়।
হাওরাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জে। জেলার ৩৭টি ফসলরক্ষা বাঁধের মধ্যে ভেঙে গেছে ২৬টি। তলিয়ে গেছে প্রায় এক লাখ ৪০ হাজার একর জমির ইরি- বোরো ফসল।
বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হেকিমকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
নেত্রকোনা: মোহনগঞ্জ উপজেলার বড়ান্তর এলাকার ধামাইল্লা, চকচকিয়া, ফোগুইল্লা ও ডানিয়ারকোনা ফসল রক্ষা বাঁধ ভেঙে প্রায় তিন হাজার একর ইরি-বোরো ফসল তলিয়ে গেছে ।
বাঁধ ভাঙার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আবেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধনু নদীর পানি আশঙ্কাজনকভাবে বাড়ছে।
উপজেলা প্রশাসন স্থানীয় জনগণের সহায়তায় ওই এলাকার চিকাডুবি ফসলরক্ষা বাঁধ রক্ষায় দিনরাত কাজ করে যাচ্ছে ।
স্থানীয় কৃষক মতিউর রহমান, মোশারফ হোসেন ও মনমোহন পাল জানান, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে চরহাইজদা বাঁেধর ফাটল দিয়ে পানি প্রবেশ শুরু করেছে। এলাকাবাসী বাঁধ রক্ষায় কাজ করছে।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হারুনূর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাঁধ রক্ষায় এলাকাবাসীর সহায়তায় তারা কাজ করে যাচ্ছেন ।
এদিকে জেলার কলমাকান্দা উপজেলা সদরের রঘুরামপুর গ্রামে উব্দাখালী নদীর তীর থেকে রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজার পর্যন্ত ২৫ কিলোমিটার ফসলরক্ষা বাঁধের অভাবে প্রায় ২০ হাজার হেক্টর ইরি-বোরো ফসলী জমি প্রতি বছর চরম হুমকির মুখে রয়েছে।
এবারও বাধেঁর অভাবে ২০-২৫টি গ্রামের কয়েক হাজার হেক্টর ইরি-বোরো ফসলি জমি অকাল বন্যায় তলিয়ে গেছে ।
সমাজকর্মী মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি বাঁধের অভাবে এলাকার শত শত কৃষক পরিবারকে প্রতিবছর কষ্ট করতে হয়। বাঁধ হলে সোনাডুবি, বড়হাওর, চিকন মাটিয়া, লেসকি, মেদিরকান্দা, বিশরপাশা, নাকডরা, হরিণধরা, নানিয়া হাওরের ফসল রক্ষা পাবে।
সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক তালুকদার বলেন, কলমাকান্দা ভারতীয় সীমানাঘেষা নীচু হাওর এলাকা। উজান থেকে আসা ঢলের পানির হাত থেকে রক্ষা পেতে সেখানে বাঁধ নির্মাণ জরুরি।
কিশোরগঞ্জ: করিমগঞ্জ উপজেলার বালিখলা বাজার সংলগ্ন প্রয়াগ বিলের ফসল রক্ষা বাঁধটি মঙ্গলবার সকালে ভেঙে গেছে। এতে আশপাশের সুতারপাড়া, সাগুলি, নতুন ও পুরান চামটা গ্রামের প্রায় দুই হাজার একর জমি প্লাবিত হয়েছে।
প্রশাসন ও স্থানীয়রা জানায়, এক কিলোমিটার দীর্ঘ বাঁধটি হুমকির মুখে ছিল। আশপাশের গ্রামবাসীরা বাঁধটি এতদিন টিকিয়ে রেখেছিল। কিন্তু ধনু নদীর প্রবল স্রোতের সকাল ১১টার দিকে বাঁধটিতে প্রথমে ফাটল ধরে এবং দুপুর নাগাদ অন্তত দুশ' ফুট অংশ ভেঙে যায়।
খবর পেয়ে দুপুরে করিমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জনাব আলী, ইউএনও আব্দুল্লাহ হাক্কানীসহ অন্যান্য কর্মকর্তারা বাঁধটি পরিদর্শন করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান জনাব আলী বলেন, বাঁধটি মেরামতসহ ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জ পাউবো কর্মকর্তা তাৎক্ষণিক বদলি
ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হেকিমকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে তাকে সুনামগঞ্জ থেকে সিলেট পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়ে বদলি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে হেকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাঁধ নির্মাণে কোনো অনিয়ম হয়নি। তবে আমাকে বদলি করা হয়েছে এটা ঠিক।"
মঙ্গলবার সন্ধ্যায় তিনি সিলেট কার্যালয়ে যোগ দিয়েছেন বলে জানান।
পাউবো কার্যালয় জানায়, জেলার ৩৭টি ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যয় হয়েছে ১২ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে গত দুই সপ্তাহে সদর, তাহিরপুর, দিরাই, শাল্লা, বিশ্বম্ভরপুর, ধর্মপাশা, দোয়ারাবাজার, জামাগঞ্জ উপজেলার হাওরাঞ্চলের ২৬টি বাঁধ ভেঙে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে এবং ক্ষতিপূরণ দাবি করে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/এমএসবি/২৩১১ ঘ.
bdnews24