২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে এমআরপি'র কাজ শুরু

সিলেটে আনুষ্ঠানিকভাবে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এর জন্য আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 04:58 PM

Updated : 24 Aug 2022, 08:38 PM

সিলেট, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে আনুষ্ঠানিকভাবে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এর জন্য আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে নগরীর উপশহরে সিলেট অঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে প্রধান অতিথি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান আবেদনপত্র গ্রহণের কার্যক্রম উদ্বোধন করেন। আগামীকাল বুধবার থেকে আবেদনপত্র গ্রহণ করা হবে। এর আগে গত ১ এপ্রিল ঢাকায় এবং ১৯ এপ্রিল যশোরে এ কার্যক্রম চালু হয়। আগামী ২৬ এপ্রিলের মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, গোপালগঞ্জ ও বরিশালে এ কার্যক্রম চালু হবে। এছাড়া পর্যায়ক্রমে দেশের ৩৪টি স্থান থেকে এমআরপি'র কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এমএ মাবুদ। তিনি বলেন, ইতোমধ্যে সরকার দেশের বিভিন্ন স্থানে ১৫টি অফিস স্থাপনের অনুমোদন দিয়েছে। বাকি ১৯টির অনুমোদনও শিগগিরই হয়ে যাবে। বদর উদ্দিন আহমদ কামরান বলেন, "অতীতে হাতে লেখা পাসপোর্টের যথেচ্ছ অপব্যবহার আমরা প্রত্যক্ষ করেছি। এর (এমআরপি) মাধ্যমে বিদেশগামী যাত্রী হয়রানিও অনেক কমে আসবে।" অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এমএ মাবুদ ছাড়াও উপস্থিত ছিলেন এমআরপি প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেফায়েত উল্যাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার গোলাম রব্বানী, উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোশাররফ হোসেন ভুইয়া, জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ন ম শফিকুল হক প্রমুখ। অনুষ্ঠানের আগে মেয়র কামরান নগরীর উপশহরে সিলেট আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন কার্যালয় উদ্বোধন করেন। এর আগে এ কার্যালয় ছিলো নগরীর শেখঘাট এলাকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৪৩ ঘ.