জামালপুর, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট বছরের একটি শিশুকে ধর্ষণের দায়ে হযরত আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত।
বিচারক মো. মোতাহার হোসেন সোমবার এ দণ্ডাদেশ দেন।
আদালতে সরকার পক্ষের কৌঁসুলি (পিপি) ইসমাইল হোসেন সাংবাদিকদের জানান, দণ্ডিত ব্যক্তি ধর্ষিত শিশুটির ফুপা। গত বছরের ২ অক্টোবর ধর্ষণের ওই ঘটনা ঘটে।
হযরতের বাড়ি সদর উপজেলার তুলসীরচর ইউনিয়নের ডৌহাতলা গ্রামে। শিশুর মা-বাবার অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে ওই শিশুকে ধর্ষণ করে হযরত।
ঘটনার পরদিন শিশুটির বাবা বাদি হয়ে মামলা করে। ১১ জনের সাক্ষ্য নেওয়ার পর সোমবার রায় হয়।
রায়ের সময় আসামি হযরত আদালতে ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১১ ঘ.
bdnews24