২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত

পুরান ঢাকায় এক পুলিশ কর্মকর্তাকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 04:49 AM

Updated : 24 Aug 2022, 08:40 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকায় এক পুলিশ কর্মকর্তাকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম গৌতম রায় (৪২)। উপরিদর্শক হিসেবে তিনি বংশাল থানায় কর্মরত ছিলেন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে ধোলাইখাল সড়কে গৌতমকে হত্যা করা হয় বলে বংশাল থানার ওসি আব্দুল মান্নান জানিয়েছেন। গৌতম থানার কাজ সেরে ওয়ারিতে তার বাসায় ফিরছিলেন। ওসি মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকারীদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে। পুলিশ জানায়, গৌতম এক পরিচিত লোকের সঙ্গে তার জিপ গাড়িতে করে বাসার পথে থানা থেকে রওনা হন। গুলিতে ওই গাড়ির চালকও আহত হয়েছে। আহত শামীম হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌতমের পরিচিত ওই ব্যক্তির উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, ধোলাইখাল সড়কে সন্দেহভাজন তিন যুবককে দেখে গৌতম গাড়ি থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তাদের দেহ তল্লাশি করতে গেলে এক যুবক তার সঙ্গে থাকা পিস্তল বের করে গৌতমকে গুলি করে। সূত্রাপুর থানার ধোলাইখাল সড়কে গুলি শব্দ পেয়ে পুলিশের টহল দল সেখানে গিয়ে গৌতমকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, গৌতম মারা গেছেন। ঘটনার সময় গৌতম সাদা পোশাকে ছিলেন বলে তার সহকর্মীরা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও প্রতিমন্ত্রী শামসুল হক টুকু দুপুরে গৌতমের লাশ দেখতে হাসপাতালে যান। তাদের সঙ্গে র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খোন্দকার ও ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার একেএম শহীদুল হকও ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী গৌতমের স্ত্রীকে সান্ত্বনা দেন। সাহারা বলেন, এ হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের অতিসত্বর গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। গৌতম ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের ব্যবসায়ী ইন্দু ভূষণ রায়ের ছেলে। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ময়মনসিংহ প্রতিনিধি জানান, মঙ্গলবার বিকেলে গৌতম রায়ের মরদেহ ঢাকা থেকে শ্যামগঞ্জ এসে পৌঁছালে এলাকার মানুষ তাকে দেখার বাড়িতে এসে ভিড় জমায়। অনেকেই গৌতম রায়ের মরদেহের সামনে কান্নায় ভেঙে পড়েন। তার ছোট ভাই তিলক রায় সাংবাদিকদের বলেন, কিছুদিন ধরে গৌতম প্রায়ই বলতেন, আর কয়টা দিন পরেই তিনি ওসি হবেন। প্রমোশনটা তার হয়েই গেছে। এখন শুধু নাম ঘোষণার পালা। কিন্তু এখন সবই শেষ। তিলক বলেন, মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে তার পরিচিত একজন ঢাকা মেডিকেল থেকে ফোন করে এ দুঃসংবাদ দেন। তখন তিনি বিশ্বাসই করতে পারেননি, তার প্রিয় বড় দা আর বেঁচে নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/এমআই/১৩০০ ঘ.