ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনস্বাস্থ্যের স্বার্থে তামাক চাষে ঋণ না দিতে ব্যাংকগুলোকে কড়া নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে এ নির্দেশ জারি করা হয়।
তামাক চাষের জন্য কৃষকদেরকে সরাসরি বা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠানকে মঞ্জুরীকৃত ঋণসীমার আওতায় চুক্তিবদ্ধ উৎপাদন ব্যবস্থাধীনে কৃষকদের ঋণ না দিতে বলা হয়েছে ওই সার্কুলারে। তামাক চাষের জন্য ইতোপূর্বে বিতরণ করা ঋণ যথাসময়ে আদায় এবং ওইসব ঋণ নবায়ন বা ঋণের মেয়াদ না বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়।
সেইসঙ্গে বাংলাদেশ ব্যাংক তামাক চাষীরা যাতে সংশ্লিষ্ট জমিতে বিকল্প শস্য উৎপাদন করতে পারে সেজন্য ওইসব এলাকায় কৃষিখাতে ঋণের প্রবাহ বাড়ানোর নির্দেশ দিয়েছে।
সার্কুলারে আরো বলা হয়, তামাক মানুষের স্বাস্থ্য, আর্থিক অবস্থা ও পরিবেশের জন্য ক্ষতিকর। তামাক সেবনকারী ও চাষী, এর প্রক্রিয়াজাতকরণে সম্পৃক্ত শ্রমিক সবাই নানা মাত্রার স্বাস্থ্যগত ক্ষতির শিকার হয়ে থাকেন। তামাক চাষ সম্প্রসারণের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ফসলী জমি ক্রমেই কমে আসছে, যা বাংলাদেশের মতো অত্যন্ত জনবহুল দেশের খাদ্য নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ।
কেন্দ্রীয় ব্যাংকের এসব নির্দেশনা বাস্তবায়নে দেশের সব জেলা প্রশাসকের সহায়তা চেয়েছেন ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
এ প্রসঙ্গে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তামাক চাষ জমির জন্য ক্ষতিকর। এটি জমির উর্বরতা কমায় এবং খাদ্য নিরাপত্তা বিঘি
bdnews24