খুলনা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিরোধীদল বিএনপি রোববার খুলনায় বিভাগীয় পর্যায়ের মহাসমাবেশ করবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া।
বিভাগীয় পর্যায়ে মহাসমাবেশের কর্মসূচি অনুযায়ী এ মহাসমাবেশ করছে বিএনপি।
এর আগে গত ২৯ মার্চ চট্টগ্রামে মহাসমাবেশ করা হয়।
বিভাগীয় পর্যাযে সমাবেশের পর ঢাকায় মহাসমাবেশ করবে দলটি। তবে এখনো এর দিন ধার্য হয়নি।
খুলনায় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার নগরীর একটি হোটেলে আয়োজিত মিট দ্য প্রেস-এ দলের নেতারা জানান, রোববার দুপুর তিনটায় শহরের শিববাড়ীয় মোড়ে মহাসমাবেশ হবে।
এতে খুলনা অঞ্চলের দশ জেলার নেতাকর্মীরা যোগ দেবে।
মিট দ্য প্রেসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, দেশে পানি নেই, বিদ্যুৎ নেই, গ্যাস নেই। তার ওপর বেড়েছে ছিনতাই, রাহাজানি ও চাঁদাবাজি। সব মিলিয়ে দেশে এক দুর্বিষহ পরিস্থিতি বিরাজ করছে বলে তিনি দাবি করেন।
ভোলা-৩ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
মিট দ্যা প্রেস-এ খুলনা মহানগর বিএনপির সভাপতি ও মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী নজরুল ইসলাম মঞ্জু বলেন, মহাসমাবেশ উপলক্ষে ইতোমধ্যে খুলনার গুরুত্বপূর্ণ সড়কে ৫০টি তোরণ তৈরি করা হয়েছে। মহাসমাবেশে থাকবে তিনশ'রও বেশি মাইক, খাওয়ার পানির ব্যবস্থা, তিনটি মেডিকেল ক্যাম্প ও অ্যাম্বুলেন্স।
এ ছাড়া পোস্টার ও প্রচারপত্রসহ বিভিন্ন প্রচারণা চলছে বলে তিনি জানান।
বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ বলেন, মহাসমাবেশের আশপাশের ১২টি স্থানে বিশাল পর্দার উপর প্রজেক্টরের সাহায্যে চেয়ারপার্সন খালেদা জিয়াসহ বক্তাদের বক্তব্য সরাসরি দেখার ব্যবস্থা থাকবে।
মিট দ্যা প্রেস-এ আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও খুলনা জেলা সভাপতি মাজেদুল ইসলাম।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির সহসভাপতি রাজিয়া ফয়েজ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩২ ঘ.
bdnews24