২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

চট্টগ্রাম, গাজীপুর, মাদারীপুর, সাতক্ষীরা ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2010, 01:24 PM

Updated : 24 Aug 2022, 08:28 PM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- চট্টগ্রাম, গাজীপুর, মাদারীপুর, সাতক্ষীরা ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় একটি পাজেরো জিপের ধাক্কায় নিহত হন চার পথচারী। গাজীপুরে দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের অবরোধের মুখে ঢাকা-ময়মনসিংহ সড়কে কিছু সময় গাড়ি চলাচল বন্ধ থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া এলাকায় বুধবার ভোর ৫টার দিকে জিপের ধাক্কায় নিহত হন চারজন। নিহতরা হলেন- রনি দাশ (১৫), প্রিয়তোষ চৌধুরী (৩৬), জামাল আহমেদ (৩৭) ও জনি দাশ (১৬)। লোহাগাড়া থানার ওসি নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে কক্সবাজারগামী একটি পাজেরো জিপ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দেয়। এতে রনি ও প্রিয়তোষ ঘটনাস্থলে এবং অন্য দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। পুলিশ জিপটি আটক করেছে বলে ওসি জানান। গাজীপুর প্রতিনিধি জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় বুধবার সেখানে তিনজনের মৃত্যু হয়েছে। কালিয়াকৈর উপজেলার খাড়াজোরা এলাকায় বিকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক জন মারা যায়। নিহতের নাম ফজলুল হক (৭৫)। তিনি নাটোরের বরাইগ্রাম থানার মাজগ্রামের মৃত হাসেন আলীর ছেলে। মহাসড়ক পুলিশের নাওজোড় ফাঁড়ির উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বিকাল ৩টার দিকে গাজীপুর সদরের বাসন এলাকায় একটি বাসের ধাক্কায় নিহত হন হারুণ মিয়া নামে এক পথচারী। এরপর স্থানীয়রা সড়ক অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ সড়কে প্রায় ২০ মিনিট গাড়ি চলাচল বন্ধ থাকে বলে পুলিশ কর্মকর্তা মোস্তাফিজ জানান। অন্য দুর্ঘটনাটি ঘটে কাপাসিয়া উপজেলায়। থানার উপ-পরিদর্শক ওমর ফারুক জানান, সকাল ৮টার দিকে জুনিয়া এলাকায় কাপাসিয়া-রাণীগঞ্জ সড়কে বালুভর্তি একটি ট্রাকের চাপায় মেহেদী হাসান (৮) নামের এক শিশু নিহত হয় । তার বাবার নাম হাসেন আলী। ময়মনসিংহ প্রতিনিধি জানান, শম্ভুগঞ্জে বুধবার বালুভর্তি ট্রাক ও যাত্রীবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা ও ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়। তারা সবাই টেম্পুর যাত্রী। কোতোয়ালি থানার ওসি গোলাম সারোয়ার সাংবাদিকদের জানান, ময়মনসিংহ থেকে তারাকান্দাগামী টেম্পুটির সঙ্গে শম্ভুগঞ্জে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষ হয়। এতে বড়বিলা গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি তানভীর আহমদ সুমন, ব্যবসায়ী খোরশেদ আলম ও টেম্পুর হেলপার সোহেল মারা যায়। সংঘর্ষে টেম্পোটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় আহত অপর তিন টেম্পুযাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনার কারণে ময়মনসিংহ-হালুয়াঘাট ও ময়মনসিংহ-শেরপুর সড়কে প্রায় এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিলো। মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুর সদর ও শিবচর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। শিবচর থানার উপপরিদর্শক মোবারক হোসেন সাংবাদিকদের জানান, বুধবার সকাল ৯টার দিকে শিবচর-উৎরাইল সড়কে মোটর সাইকেলের ধাক্কায় সিজান (৩) নামে এক শিশু নিহত হয়। অন্যদিকে মাদারীপুর সদর থানার উপপরিদর্শক মতিনুর হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার মঠেরবাজার এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় আহত ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন দুই ভাইয়ের মধ্যে একজন মারা যান। নিহতের নাম রোমান বেপারী। সাতক্ষীরা প্রতিনিধি জানান, সকালে সাতক্ষীরা-আশাশুনির ঘোলা সড়কের কোদণ্ডা এলাকায় বুধবার বাসের ধাক্কায় নিহত হন মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম (৫৬)। মোটর সাইকেলে করে আশাশুনি সদরে নিজ বাড়িতে ফেরার সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয় বলে পুলিশ জানায়। আশাশুনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমআই/১৯০০ ঘ.