২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ডায়রিয়ার প্রকোপ

বাগেরহাটে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আক্রান্তদের বেশির ভাগই শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 01:09 PM

Updated : 24 Aug 2022, 08:26 PM

বাগেরহাট, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আক্রান্তদের বেশির ভাগই শিশু। গত এক মাসে জেলায় তিন হাজার ডায়রিয়া রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে অন্তত একজনের মৃত্যু হয়েছে। ডায়রিয়ায় মারা যাওয়া শিশুটির নাম ঋতু (২)। সে সদর উপজেলার ডেমা গ্রামের লিটন শেখের মেয়ে। শুক্রবার বাগেরহাট সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মঙ্গলবার সদর হাসপাতালের চার শয্যার ডায়েরিয়া ওয়ার্ডে ১৯ জন রোগী ভর্তি ছিল। তাদের মেঝে ও বারান্দায় রাখা হয়েছে। বাগেরহাটের সিভিল সার্জন ডা. সুবাস কুমার সাহা জানান, জেলার ডায়রিয়া পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে। নিয়মিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। গত ৩০ দিনে নয়টি উপজেলায় তিন হাজার একজন ডায়রিয়া আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। জেলা সদরসহ উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা রয়েছে বলেও তিনি জানান। বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. বিদ্যুৎ কান্তি পাল বলেন, সুপেয় পানির সংকট ও অতিরিক্ত গরমের কারণে ডায়রিয়া রোগী বেড়ে গেছে। আক্রান্তদের শতকরা আশি ভাগই শিশু। তিনি বলেন, "হাসপাতালে ওষুধের সঙ্কট নেই। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত হাসপাতালে মাত্র একজন রোগী মারা গেছে।" চার/পাঁচ দিন আগে সদর হাসপাতালে ভর্তি হওয়া সদর উপজেলার মরগা গ্রামের পাঁচ বছর বয়সী ঊর্মির মা রিক্তা বেগম জানান, খাবার সেলাইন ও রক্তনালীতে দেওয়ার স্যালাইন হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে। এছাড়া অন্যান্য ওষুধ ও খাবার তাকে বাইরে থেকে কিনে আনতে হয়। ডায়রিয়া ওয়ার্ডে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স কৃষ্ণা রায় বলেন, হাসপাতালে যেসব ওষুধের সরবরাহ আছে তা সবই রোগীদের দেওয়া হচ্ছে। খাবার দিতে না পারার কথা স্বীকার করে তিনি বলেন, ওয়ার্ডটি চার শয্যার। তাই খাবার আসে মাত্র চারজনের। রোগীদের সেই খাবার ভাগাভাগি করে খেতে দেওয়া হয়। কৃষ্ণা আরো বলেন, গত ১ এপ্রিল থেকে ১৩ এপ্রিল সকাল পর্যন্ত এই হাসপাতালে মোট ১০৩ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। চাপ বেড়ে যাওয়ায় ওয়ার্ডে গাদাগাদি করে রোগী রাখতে হচ্ছে। অবস্থা একটু ভাল হলে তাকে বাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯০০ ঘ.