রাজশাহী, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর হাদীরমোড় এলাকায় রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাসের ধাক্কায় এক রিকশা আরোহী মহিলার মৃত্যু হয়েছে।
নিহত সাবিয়া তানিয়া টিনা (৩৫) সৌদি প্রবাসী আরিফের স্ত্রী বলে পুলিশ জানিয়েছে। তারা নগরীর কুমারপাড়া এলাকার বাসিন্দা।
গুরুতর আহত রিকশাচালক জিল্লুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ সময় উত্তেজিত জনতা ধাওয়া করলে বাসটি দ্রুত ক্যাম্পাসে ঢুকে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনকারী একটি বাস সাহেব বাজার থেকে ফেরার পথে রাত ৯টার দিকে হাদীরমোড় শহীদ মিনার এলাকায় পেছন থেকে আরিফ ও তার স্ত্রীকে নিয়ে চলমান রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে টিনা মারা যান। আরিফ সামান্য আহত হন। গুরুতর আহত হন রিকশাচালক জিল্লুর রহমান।
মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন খান সাংবাদিকদের জানান, পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে তালাইমারী ও হাদীরমোড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনধি/ডিডি/০০৪০ ঘ.
bdnews24