সায়েদুল ইসলাম তালাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফৈার ডটকম) - কমিশনার আহম্মেদ হোসেন হত্যা মামলায় 'তথ্য যাচাইয়ে' বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে (শাহ আলম) রোববার রাতে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ।
মিন্টুরোডের গোয়েন্দা দপ্তরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
রাত ১০টা ২৫ মিনিটে শাহ আলম আইনজীবীসহ গোয়েন্দা দপ্তরে আসেন। সোয়া ১২টায় তাকে বের হয়ে যেতে দেখা যায়।
পুরান ঢাকার কাউন্সিলর আহাম্মদ হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিনের দেওয়া তথ্যের সত্যতা যাচাইয়ে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা দপ্তরে হাজির হতে গোয়েন্দা পুলিশ গত ৩ এপ্রিল একটি চিঠি দেয় শাহ আলমকে।
বসুন্ধরা চেয়ারম্যান জিজ্ঞাসাবাদ এড়াতে চিঠির ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করলেও আদালত তা গ্রহণ করেনি।
চিঠিতে রোববার বেলা ১১টায় তাকে গোয়েন্দা কার্যালয়ে হাজির হতে বলা হয়।
গত ৯ ফেব্রুয়ারি আহম্মেদ হোসেন সন্ত্রাসীদের গুলিতে খুন হন। এই ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে।
চিঠিতে বলা হয়, নিহত আহম্মেদ হোসেন ও তার ভাইদের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের অংশিদারিত্ব বিক্রির বিষয়ে নাজিমউদ্দীনের মাধ্যমে শাহ আলমের সঙ্গে যোগাযোগ ছিল নিহত ব্যক্তির।
এই প্রক্রিয়ার সঙ্গে হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা রয়েছে কি না তা যাচাই করতে শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এদিকে আহম্মেদ কমিশনার হত্যা মামলায় তিন দফায় ১০ দিন হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে নাজিম চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রব্বানী তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নাজিম উদ্দিনকে গত ২৮ মার্চ গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিবি/পিডি/০০৩০ ঘ.
bdnews24