২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তবু পুলিশ বলছে পরিস্থিতি নিয়ণ্ত্রণে

রাজধানীতে গত ফেব্রুয়ারির তুলনায় মার্চে বিভিন্ন অপরাধের মাত্রা বাড়লেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 02:36 PM

Updated : 24 Aug 2022, 08:22 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে গত ফেব্রুয়ারির তুলনায় মার্চে বিভিন্ন অপরাধের মাত্রা বাড়লেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। রোববার রাজারবাগ পুলিশ টেলিকম অডিটোরিয়ামে ঢাকা মহানগর পুলিশের মাসিক অপরাধ সভা শেষে এক সাংবাদিক সম্মেলনে ফেব্রুয়ারি-মার্চের তুলনামূলক অপরাধ চিত্র তুলে ধরে এ দাবি করেন পুলিশ কমিশনার শহিদুল হক। তুলনামূলক চিত্র অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে ১৯টি খুনের ঘটনা ঘটেছে। মার্চ মাসে হয়েছে ২৩টি। ফেব্রুয়ারিতে ধর্ষণের ঘটনা ঘটেছে ৩১টি, মার্চ মাসে সেটি দাঁড়িয়েছে ৩৯-এ। ফেব্র"য়ারি মাসে অপহরণ হয়েছে ২১টি, মার্চ মাসে সেটি বেড়ে ২৮টি হয়েছে। অপরাধ বাড়া সত্ত্বেও শহিদুল দাবি করেন, আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রাজধানীতে শিশু এবং নারী নির্যাতনের ঘটনাও ওই সময়ে বেড়েছে। ফেব্রুয়ারি মাসে ছিল ৯১টি। মার্চ মাসে সেটি হয়েছে একশ ১২। টেলিফোনে চাঁদাবাজির ঘটনা দুই থেকে হয়েছে চার। বাসা-বাড়িতে চুরি, মটরসাইকেল চুরির ঘটনাও ফেব্রুয়ারির চেয়ে মার্চে তুলনামুলক বেড়েছে। তবে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় ফেব্রুয়ারির চেয়ে মার্চে পুলিশের সাফল্য বেশি। অস্ত্র উদ্ধারের পর অস্ত্র আইনে মামলা ফেব্রুয়ারির ৫৪টি থেকে মার্চে ৫৯টি হয়েছে। মাদকের ক্ষেত্রে মামলা আটশ ৭৩টি থেকে হয়েছে নয়শ ৫৩টি। মার্চ মাসে পুলিশের হাতে গ্রেপ্তারের বিবরণও দেন শহিদুল। রাজধানীতে জঙ্গি তৎপরতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, "জঙ্গী তৎপরতা দৃশ্যমান নেই, তবে গোয়েন্দারা এ ব্যাপারে কাজ করছে।" বৈশাখ বরণ অনুষ্ঠানের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, "এ ব্যাপারে সোমবার সকালে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২০১৩ ঘ.