ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী, দুই মামলায় সাজাপ্রাপ্ত আফরোজা আব্বাসকে কারাগারে পাঠিয়েছে আদালত।
কর ফাঁকির জন্য সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সাজা হয় ঢাকা ব্যাংকের সাবেক পরিচালক আফরোজার।
আফরোজা রোববার দুপুরে ঢাকার জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক অমর কুমার রায় শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তার পক্ষে আইনজীবীরা জামিন চাইলেও তা বিবেচনার সুযোগ নেই বলে বিচারক জানান। তবে আদালত কারাগারে আফরোজার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।
মামলা দুটি বাতিলে আফরোজার আবেদনে উচ্চ আদালতে তার ওপর স্থগিতাদেশ দেয়। স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরই আফরোজা বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন।
শুনানির সময় আফরোজার স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আদালতে ছিলেন।
আফরোজার বিরুদ্ধে ২০০৭ সালের ৫ আগস্ট মামলা দুটি দায়ের করেন জাতীয় রাজস্ব বোর্ডের উপকর কমিশনার নূরুল আমিন।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুই মামলায় আফরোজার অনুপস্থিতিতেই ১৬ বছর সাজার আদেশ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এমআই/১৬২০ ঘ.
bdnews24