২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নবীনগরে ৩ নারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার একদিনে তিনটি আলাদা ঘটনায় নিহত হয়েছেন তিনজন নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 08:42 AM

Updated : 24 Aug 2022, 08:21 PM

ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার একদিনে তিনটি আলাদা ঘটনায় নিহত হয়েছেন তিনজন নারী। তারা হলেন- ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামের হেলেনা বেগম (২৫), শিবপুর ইউনিয়নের কাজুলিয়া গ্রামের সুফিয়া বেগম (৪৮) এবং শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের আশুবালা দাস (৭০)। নবীনগর থানার ওসি রূপক সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্বশুর বাড়িতে হেলেনাকে পিটিয়ে হত্যা করা হয়। হেলেনার স্বামী মধ্যপ্রাচ্য প্রবাসী মিঠু চৌধুরী। গায়ের রং কালো হওয়ায় ছেলেকে আবারো বিয়ে করানোর জন্য হেলেনাকে খুন করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। প্রতিবেশীর সঙ্গে কলহের জের ধরে পিটুনিতে নিহত হন সুফিয়া। ওসি জানান, নলকূপের পাইপ চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী জামিলা বেগমের সঙ্গে সুফিয়ার ঝগড়া হয়। এরই জের ধরে সকালে প্রতিপক্ষের পিটুনিতে সুফিয়ার মৃত্যু হয়। বৃদ্ধা আশুবালা গ্রামে দুই পক্ষের সংঘর্ষের সময় পায়ের নিচে চাপা পড়ে মারা যান বলে পুলিশ জানায়। তিনটি ঘটনায় আলাদা মামলার প্রক্রিয়া চলছে বলে ওসি রূপক সাহা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমআই/১৪৩৫ ঘ.