২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ডুবে ঢাকার ২ স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীর তেজগাঁও মডেল হাইস্কুলের দুই ছাত্র নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ডুবে মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2010, 05:14 PM

Updated : 24 Aug 2022, 08:18 PM

নারায়ণগঞ্জ, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর তেজগাঁও মডেল হাইস্কুলের দুই ছাত্র নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ডুবে মারা গেছে। এ ঘটনায় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে (যাদুঘর) পিকনিকে এসে শুক্রবার দুপুরে তারা মেঘনা নদীতে গোসল করতে নামে বলে জানিয়েছেন ওই স্কুলের শিক্ষকরা। মারা যাওয়া দুজন হলো- দশম শ্রেণীর ছাত্র আবুল খায়ের শুভ ও সাব্বির হোসেন। রাত পৌনে ১০টায় নলচর এলাকায় নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী। তেজগাঁও মডেল হাইস্কুলের শিক্ষক কৃষাণ সাংবাদিকদের জানান, রাজধানীর তেজগাঁও মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে (যাদুঘরে) পিকনিকে আসে। দুপুরের দিকে শিক্ষার্থীরা পাশের নলচর এলাকার মেঘনা নদীতে গোসল করতে নামে। গোসল শেষে অন্য শিক্ষার্থীরা তীরে উঠলেও নিখোঁজ থাকে শুভ ও সাব্বির। ওসি ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুলের শিক্ষার্থী, নিখোঁজ ছাত্রদের আত্মীয়স্বজন ও স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে দুজনের লাশ উদ্ধার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১০ ঘ.