বাগেরহাট, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাসচালককে মারধরের ঘটনায় বাগেরহাটে কয়েকজন র্যাব সদস্যকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে পরিবহন শ্রমিকরা।
তারা র্যাবের গাড়িও ভাংচুর করে। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়।
রবিশাল র্যাব-৮ এর একটি মাইক্রোবাসকে ধাক্কা দেওয়ার জেরে শুক্রবার সকালে বাগেরহাট বাস টার্মিনালে এ ঘটনা ঘটে বলে পরিবহন শ্রমিক, পুলিশ ও র্যাব জানিয়েছে।
এ সময় প্রায় এক ঘণ্টা বাগেরহাট-খুলনা-পিরোজপুর সড়কে যান চলাচল বন্ধ ছিল।
রূপসা-বাগেরহাট আন্তঃজেলা মটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, মোরেলগঞ্জ থেকে বাগেরহাট বাস টার্মিনালের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (খুলনা-ব-৩৩৮) সদর উপজেলার বাদামতলায় র্যাবের একটি মাইক্রোবাসকে ওভারটেক করে। এ সময় বাসের সঙ্গে মাইক্রোবাসটির ধাক্কা লাগে।
তিনি দাবি করেন, এ ঘটনায় র্যাব সদস্যরা বাগেরহাট বাস টার্মিনালে এসে চালক আলমগীর হোসেনকে (৩৮) বেদম প্রহার করে।
খুলনা র্যাব-৬ এর কর্মকর্তা মেজর এ কে এম কামরুজ্জামান বলেন, র্যাব এর সদস্যদের বহনকারী মাইক্রোবাসটিকে ধাক্কা দেওয়ার পর বাসটিকে থামার সঙ্কেত দেওয়া হলেও চালক থামেননি।
মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হওয়ায় র্যাব সদস্যরা বাগেরহাট বাস টার্মিনালে এসে ওই চালকের কাছে ক্ষতিপূরণ দাবি করেন।
মেজর কামরুজ্জামান দাবি করেন, চালক ক্ষতিপূরণ না দিয়ে শ্রমিকদের জড়ো করে বিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে শতাধিক শ্রমিক র্যাব সদস্যদের লক্ষ করে ইট ছোড়ে এবং মাইক্রোবাসটি ভাংচুর। তারা র্যাব সদস্যদের অবরুদ্ধ করে রাখে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা পুলিশের ওপরও হামলা চালায় বলে র্যাব কর্মকর্তা দাবি করেন।
সদর থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন জানান, শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ হয়। এতে মতিয়ার রহমান (৫০) নামে এক পুলিশ কনস্টেবল জখম হন।
এ ঘটনায় সকাল সোয় ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বাগেরহাট-খুলনা-পিরোজপুর সড়কে যান চলাচল বন্ধ ছিলো।
পুলিশ কনস্টেবল মতিয়ার ও বাসচালক আলমগীরকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
ঘটনার পর সকাল ১০টায় বাগেরহাট বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ সভা হয়।
সভা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোকুল চন্দ্র ঘোষ সাংবাদিকদের বলেন, বাসমালিকরা র্যাবের ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি মেরামতের ব্যয় নির্বাহের আশ্বাস দিয়েছেন। র্যাবের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী আইনানুগ ব্যবস্থা নেবে।
বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, র্যাব-৬ এর মেজর এ কে এম কামরুজ্জামান, র্যাব-৮ এর লেফটেন্যান্ট মহিউদ্দিন, বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোকুল চন্দ্র ঘোষ, ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান, বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন সমিতির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন বাবু, সহ-সভাপতি মিনা রাকিবুল হাসান মিলন, সাধারণ সম্পাদক খান মনির হোসেন, রূপসা-বাগেরহাট আন্তঃজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কাজী মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মিনা হাসিবুল হাসান শিপন সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২০২৪ ঘ.
bdnews24