ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কামরাঙ্গীরচরে শুক্রবার দোকান লুটপাট ও আগুন লাগানোর ঘটনায় রাত ১০টার দিকে ৮০-৯০ জনকে আসামি করে মামলা হয়েছে।
দোকানের জমির মালিক মো. মাহবুবুর রহমান কামরাঙ্গীরচর থানায় মামলা করেন।
ওই থানার কতর্ব্যরত কর্মকর্তা খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৮০/৯০ জনকে আসামি করে মামলা করেছেন মো. মাহবুবুর রহমান।
আসামিদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে হামলা, লুটপাট ও আগুন লাগানোর অভিযোগ আনা হয়েছে।
রাত ১১টা পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলে জানান খলিলুর ।
কামরাঙ্গীরচরের লোহার পুল সংলগ্ন ছাতা মসজিদ এলাকায় মাহবুব মার্কেটে শুক্রবার সকালে আগুন লাগানো হয় বলে দোকান মালিক ও কর্মচারীরা দাবি করেন।
এসময় অন্তত ১০টি দোকানে লুটপাট ও আগুন লাগানো হয় বলে দাবি করেন তারা।
দমকল বাহিনীর উপপরিচালক মো. মুনীর হোসেন জানান, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
লালবাগ ও কামরাঙ্গীরচরের বিভেদক খালের পাড়ে মাহবুব মার্কেট, যেখানে পাকা আধাপাকা মিলিয়ে ২০টি দোকান রয়েছে। আগুনে চারটি প্লাস্টিক কারখানা ও চারটি আসবাবপত্রের দোকান এবং আরো দুটি রঙের দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
অগ্নিকাণ্ড ও লুটপাটে ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।
বিপণি বিতানের দোকান মালিক ও কর্মচারীরা জানান, সকাল পৌনে ১০টার দিকে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী হকিস্টিক ও দেশি অস্ত্র নিয়ে হানা দেয়। তারা লুটপাট শেষে যাওয়ার সময় আগুন লাগিয়ে দেয়।
মুদি দোকানি মো. শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ত্রাসীরা দোকান ভাংচুর করার পর তাকে মারধর করে এবং চারটি মোবাইল সেটসহ নগদ প্রায় ৫০ হাজার টাকা নিয়ে যায়।"
হামিদা কালার নামে একটি রঙের দোকানের মালিক আজমল জানান, তার দোকান থেকেও ২ লাখ টাকা লুট হয়েছে।
নিউরাজ রাজধানী টিম্বার নামের একটি দোকানের অর্ধেক পুড়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ লাখ টাকা বলে দাবি করেন ওই দোকানের মালিক মো. রফিক জানান।
এলাকার দোকানিরা সবাই দাবি করেন, আগুন লাগানোর আগে লুটপাট চালায় সন্ত্রাসীরা।
র্যাব-১০ এর উপসহকারী পরিচালক মো. ইব্রাহিম হোসেন সাংবাদিকদের জানান, ওই সময় তাদের একটি টহল গাড়ি লোহার পুলের কাছে ছিলো। কিন্তু লুটপাটের কোনো ঘটনা তারা দেখেনি।
দমকল কর্মকর্তা মুনীর জানান, দুটি স্পিড বোটসহ ১১টি গাড়ি এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডের খবরে কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগ সভাপতি মো. আবুল হোসেন সেখানে যান। পুলিশও ঘটনাস্থলে যায়।
আবুল হোসেন সাংবাদিকদের বলেন, "আগুন লাগানোর সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের খুঁজে বের করে পুলিশের হাতে দেওয়া হবে।"
একটি প্লাস্টিক কারখানার মালিক লালটু বলেন, "একটি সেতুর জন্য মাহবুব মার্কেটের পাশ দিয়ে একটি রাস্তা তৈরির কথা রয়েছে। মার্কেটের মালিক মাহবুব চাচ্ছেন ক্ষতিপূরণ দিয়ে সরকার জায়গাটি (একোয়ার) নিয়ে নিক। একটি চক্র এটা চাচ্ছে না। তারাই আগুন লাগিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমআই/পিডি/২২৫৪ ঘ.
bdnews24