২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলার পর ফের হামলা, খুন

এক দফা হামলার ঘটনায় মামলার পর আবার হামলা চালিয়ে এক নারীকে খুন করেছে সন্ত্রাসীরা। হামলার সঙ্গে ওই নারীর মেয়ের সাবেক স্বামী জড়িত বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2010, 08:07 AM

Updated : 24 Aug 2022, 08:19 PM

সাভার, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক দফা হামলার ঘটনায় মামলার পর আবার হামলা চালিয়ে এক নারীকে খুন করেছে সন্ত্রাসীরা। হামলার সঙ্গে ওই নারীর মেয়ের সাবেক স্বামী জড়িত বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার মধ্য রাতে ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামে এ ঘটনা ঘটে। একদিন আগে একবার হামলা চালানো হলে সাভার থানায় মামলা হয়। নিহত ফেরদৌসী আক্তার (৪০) সামাইর গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী। তার মেয়ে সানজিদা ইসলাম লতা (২২) ও প্রতিবেশী শাহীন (২৫)ও সন্ত্রাসী হামলায় আহত হন। লতা ঢাকার চলচ্চিত্রের পার্শ্ব অভিনেত্রী। তার সাবেক স্বামী সবুজ এ হামলায় জড়িত বলে সাংবাদিকদের জানিয়েছেন সাভার থানার ওসি একেএম নাসিরউল্লাহ। আহতদের সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লতার দেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার ডান পাও ভেঙে দেওয়া হয়েছে। পুলিশ জানায়, রাত ১২টার দিকে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে লতাকে কুপিয়ে আহত করে। তাকে বাঁচাতে গিয়ে আহত হয় ফেরদৌসী ও শাহীন। তাদের সবাইকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, ফেরদৌসী মারা গেছেন। সাত বছর আগে প্রতিবেশী আসাদ মিয়ার ছেলে সবুজের সঙ্গে লতার বিয়ে হয়। বিয়ের পর লতা চলচ্চিত্রে অভিনয় শুরু করলে এক পর্যায়ে তাদের তালাক হয়। এরপর থেকেই সবুজসহ এলাকার কিছু যুবক লতাকে উত্যক্ত করতো বলে অভিযোগ রয়েছে। সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যায় ফেরদৌসী থানায় একটি মামলা করেন। ওই মামলায় অভিযোগ করা হয়, সবুজের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই দিন সকালে বাড়িতে ঢুকে তাকে ও তার মেয়েকে মারধর করে। মামলায় সবুজ (২৫), মকবুল (২৬), হোসেন (৩৫), পান্না (৪০), বুদ্দু (২৭), কুদ্দুস (২৫) ও রানা (২২)সহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করা হয়। এরপর আসামি পান্নাকে গ্রেপ্তারও করা হয় জানিয়ে পুলিশ কর্মকর্তা তাহের বলেন, তাকে (পান্না) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় বৃহস্পতিবার পুনরায় হামলা হয়েছে, বলেন তাহের। ফেরদৌসীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ঘটনার পর থেকে সবুজ পলাতক। ওসি নাসির বলেন, "এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪০০ ঘ.