ঢাকা, এপ্রিল ০৮ ( বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম) - নারায়ণ, বগুড়া ও রাজশাহীতে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্যসহ আটজন মারা গেছে।
এর মধ্যে বগুড়ায় পৃথক দুর্ঘটনায় পাঁচজন, রাজশাহীতে দুজন এবং নারায়ণগঞ্জে একজন মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: শেরপুর থানার ওসি আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার হাজিপুর এলাকায় দুপুরে একটি যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জন নিহত হন।
এদের মধ্যে আছেন- জেলার শাজাহানপুর উপজেলার নগর গ্রামের আশাদুজ্জামান জুয়েল, একই উপজেলার আড়িয়া বাজার রহিমাবাদ গ্রামের বাসিন্দা সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল নজরুল ইসলাম।
নিহত আরেকজনের পরিচয় জানা যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি ভাংচুর করে এবং এর চালককে পিটুনি দিয়ে পুলিশে দেয়।
শাজাহানপুর থানার ওসি আনিছুর রহমান জানান, সকালে উপজেলার শালুকগাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি উল্টে পড়া ট্রাক চাপায় মারা গেছেন দুজন।
এরা হলেন- পথচারী বুলু মিয়া ও রিকশাচালক সাদেক আলী হারুন। এদের বাড়ি ওই এলাকায়।
পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তবে চালক পালিয়েছে।
রাজশাহী: মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর শিরোইল বাস টার্মিনালে সকালে মটরসাইকেলে করে যাওয়ার পথে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (৪০) দুর্ঘটনার শিকার হন।
আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
রাজপাড়া থানার ওসি আফজাল হোসেন জানান, শিরোইল এলাকায় রেলওয়ে স্টেশনের কাছে একটি বাসের ধাক্কায় আবু জাফর (৩৭) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন।
তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একটি দ্রুতগামী বাসের চাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তি মারা গেছেন।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোখলেছ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০২২ ঘ.
bdnews24