কক্সবাজার, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের রামুতে পাহাড় ধসে দুজন মারা গেছেন।
উপজেলার ধলিরছড়া এলাকায় পাহাড় কেটে মাটি সংগ্রহের সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তারা দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছেন রশিদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম।
নিহতরা হলেন- বড় ধলিরছড়া এলাকার শামসুল আলম (৩১) ও মাটি কাটার শ্রমিক ধলিরছড়া মুরা পাড়ার সাইফুল ইসলাম (২৭)।
ইউপি চেয়ারম্যান সাংবাদিকদের জানান, শামসুল আলম নতুন বাড়ি করছিলেন। বৃহস্পতিবার সকালে একজন শ্রমিক নিয়ে তিনি বাড়ির পাশের পাহাড় কেটে মাটি আনতে যান। এক পর্যায়ে পাহাড় ধসে পড়ে।
তিনি জানান, মাটির নিচ থেকে শামসুল ও সাইফুলকে উদ্ধারের পর রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানান হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
লাশ দাফনের প্রক্রিয়া চলছে বলে চেয়ারম্যান জানান।
পাহাড় ধসে দু'জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সহিদুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৮ ঘ.
bdnews24