২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনন্দের ট্রেন এখন আতঙ্কের নাম

দুই মাসে দুই শিক্ষার্থী খুন হওয়ার পর এখন যাত্রী পাচ্ছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাতের শাটল ট্রেন। অথচ এ ট্রেনের বগিগুলোই একসময় আড্ডা আর গানে মাতিয়ে রাখতো শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 06:49 AM

Updated : 24 Aug 2022, 08:18 PM

আল আমীন দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কদিন আগেও রাতের শাটল ট্রেন ধরতে নগরীর বটতলী ও ষোলশহর স্টেশনে ভিড় জমাতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ট্রেনের হুইসেলের পরপরই পড়িমড়ি করে হাতল ঝুলে লাফিয়ে উঠতে দেখা যেত তাদের; আড্ডা আর গানে চলতো ক্যাম্পাস অভিমুখী সে যাত্রা। কিন্তু সে দৃশ্য এখন আর নেই। দুই শিক্ষার্থী খুন হওয়ার পর পাল্টে গেছে সে চিত্র। রাতের ট্রেন এখন প্রায়ই ফাঁকা থাকে। শিক্ষার্থীরা বলছেন, আতঙ্ক থেকেই তারা এখন রাতের ট্রেন এড়িয়ে চলছেন। খুনের প্রথম ঘটনাটি ঘটে গত ১১ ফেব্র"য়ারি ষোলশহর স্টেশনে। ট্রেন ছাড়ার আগমুহূর্তেই স্টেশনে খুন হন রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এএসএম মহিউদ্দিন। এর রেশ কাটতে না কাটতেই ষোলশহর থেকে একটু দূরে ২৯ মার্চ রাতে খুন হয় মার্কেটিং বিভাগের আরেক শিক্ষার্থী হারুনুর রশিদ কায়সার। "দুই খুনের পর আমরা এখন আতঙ্কে; এরপর কে? আমিও রাতের শাটল ট্রেনের যাত্রী ছিলাম। দুই খুনের ঘটনার পর রাতের ট্রেন ছেড়েছি', সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তপু রায়হান। কয়েকদিন আগে বটতলী থেকে শাটল ট্রেনে চড়ে হাতেগোনা যে কজন শিক্ষার্থীর দেখা মিললো, তাদের চোখে-মুখেও ছিলো আতঙ্কের ছাপ। বাজছে হুইসেল, ছুটছে ট্রেন, কিন্তু শিক্ষার্থী তেমন নেই। রাতের শাটল ট্রেনে শিক্ষার্থীরা না ফেরায় পরিবহনের এ চাপ পড়ছে শহর থেকে ক্যাম্পাসগামী বাহন 'তরী'র ওপর। বিশ্ববিদ্যালয়গামী তরীর ভাড়া সংগ্রাহক লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভার্সিটি ছাত্র খুনের ঘটনার পর থেকে রাতে তরীতে ছাত্রদের ভিড় বেড়েছে। দরজায় ঝুলেও অনেকে ক্যাম্পাসে যাচ্ছে। বিভিন্ন কারণে 'তরী' বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকে আটকা পড়লে দুই কিলোমিটার পথ হেঁটেই ক্যাম্পাসে যেতে হয় শিক্ষার্থীদের, অবশ্য মাঝে মাঝে রিকশা মেলে। পরপর দুটি হত্যার পর রাতের ট্রেন ব্যবহারে শিক্ষার্থীদের আতঙ্ক অস্বাভাবিক নয় বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দারও। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতের ট্রেনে চলাচলের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের সর্তক থাকতে বলছি। আপাতত যেসব স্টেশন ঝুঁকিপূর্ণ মনে হয় শিক্ষার্থীদের তা এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছি।" রাতের ট্রেনের বগি কমিয়ে সব বগিতে পুলিশ দেওয়ার বিষয়টি পরিকল্পনায় রয়েছে বলে সহকারী প্রক্টর জানান। জিআরপি থানার ওসি মোহাম্মদ শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্ভবত ক্যাম্পাসে যাওয়ার পথে রাতের শাটল ট্রেনে কায়সারকে খুন করে দুর্বৃত্তরা লাশ রেললাইনে ফেলে রাখে। অপর নিহত ছাত্র মহিউদ্দিনের মতো তাকেও গলা কেটে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। দুই খুনের 'অপরাধীদের' এখনো খুঁজে পায়নি পুলিশ। দুটি ঘটনারই তদন্ত করছেন রেলওয়ে পুলিশের ওসি মোহাম্মদ শহীদ উল্লাহ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "অপরাধী কে তা এখনও নিশ্চিত করা যায়নি। তদন্ত চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/১২৪০ ঘ.