ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্রসহ গ্রেপ্তার আসামিকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে আদালতে চালান দেওয়ায় কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদালতে তলব করা হয়েছে। তাকে দুই কার্যদিবসের মধ্যে আদালতে হাজির হতে বলা হয়।
সেইসঙ্গে আদালতের আদেশ অমান্য করায় ওসি নীলোৎপল কুমার দের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তারও কারণ দর্শাতে বলেছে আদালত।
বুধবার ঢাকার বিচার বিভাগীয় হাকিম তৈয়বুল হাসান এ আদেশ দেন।
জানা যায়, গত রোববার রাতে পাড় গেণ্ডারিয়া পুলিশ ফাঁড়ি এলাকা থেকে মো. আসাদ ওরফে অপু নামে এক ব্যক্তিকে অবৈধ বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। পরদিন কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন অপুকে অস্ত্র মামলায় গ্রেপ্তার না দেখিয়ে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেন।
পুলিশ প্রতিবেদনে অস্ত্রসহ গেপ্তারের কথা উল্লেখ থাকলেও ওইদিন কেন আসামির বিরুদ্ধে অস্ত্র মামলা হলো না এবং জব্দ তালিকা পাঠানো হয়নি ওসির কাছে তার ব্যাখ্যা চান হাকিম। পরে জব্দ তালিকা পাঠানো হলেও অস্ত্র মামলায় গ্রেফতার না দেখানোর কারণ ব্যাখ্যা করেননি পুলিশ কর্মকর্তা নীলোৎপল।
দক্ষিণ কেরানীগঞ্জের খেঁজুরবাগ নতুন মসজিদের কাছে অপুর বাড়ি। তার বাবার নাম নাম সাহজাহান খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২১৫৬ ঘ.
bdnews24