২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় 'বন্দুকযুদ্ধে' চরমপন্থি নিহত

সদর উপজেলার বাখইল মধ্যপাড়ায় বুধবার সন্ধ্যায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক চরমপন্থি নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2010, 03:08 PM

Updated : 24 Aug 2022, 08:15 PM

কুষ্টিয়া, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার বাখইল মধ্যপাড়ায় বুধবার সন্ধ্যায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক চরমপন্থি নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিহত আশরাফুল ইসলাম ওরফে মান্দার (৪০) নিষিদ্ধ চরমপন্থি সংগঠন জাসদ গণবাহিনীর কমান্ডার ছিলেন। তিনি উপজেলার খোর্দ্দবাখইল গ্রামের আলফাজ মণ্ডলের ছেলে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) সি. এ. হালিম বলেন, সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল বাখইল মধ্যপাড়া মাঠে যায়। ওখানে কয়েকজন সশস্ত্র চরমপন্থি গোপন বৈঠক করছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা কয়েকটি বোমা ফাটায় ও গুলি ছোড়ে। এ সময় র‌্যাবের সঙ্গে তাদের প্রায় বিশ মিনিট গোলাগুলি হয়। এক পর্যায়ে চরমপন্থিরা পালিয়ে গেলে ঘটনাস্থলে মান্দারের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পয়েন্ট টুটু বোর রাইফেল, একটি এল. জি., চারটি ককটেল, ১২ রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করেছে। মান্দারের বিরুদ্ধে কুষ্টিয়া সদর ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় চারটি হত্যাসহ সাতটি মামলা ও বেশ কয়েকটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫০ ঘ.